দেশ ছাড়ার জন্য প্রস্তুতি নিন, রাহুলকে হুঁশিয়ারি নিশিকান্তের
শুধু তাই নয়, এর সঙ্গে তিনি রাহুলকে দেশ ছাড়ার জন্য প্রস্তুতও থাকতে বলেন।
Truth Of Bengal: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে এবার পাল্টা দিলেন আরও এক বিজেপি সাংসদ। সোনিয়া পুত্রকে এবার, তাঁর টুইট নিয়ে, একহাত নিলেন গেরুয়া শিবিরের অন্যতম প্রভাবশালী সাংসদ নিশিকান্ত দুবে। নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি রাহুলকে পাল্টা দেন এবং দাবি করেন যে জেন জি পরিবারতন্ত্র, দুর্নীতি ও মতাদর্শের অস্পষ্টতার বিরোধী। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি রাহুলকে দেশ ছাড়ার জন্য প্রস্তুতও থাকতে বলেন।
নিশিকান্ত নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুলের ওই টুইট শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “জেন জি পরিবারতন্ত্রের বিরুদ্ধে। তাঁরা কেন রাহুল কে মেনে নেবেন নেহরু, ইন্দিরা, রাজিব ও সোনিয়ার পরে? তারা দুর্নীতির বিরুদ্ধে। কেন তারা আপনাকে বের করে দেবেন না?” এরপরই বিজেপি সাংসদ হুঁশিয়ারি দেন যে রাহুল গান্ধী দেশ ছাড়ার জন্য প্রস্তুতি নিক যদি জেন জি বিপ্লব করে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাহুল গান্ধীর তরফ থেকে এক্স হ্যান্ডেলে একটি টুইট করা হয়েছিল, যেখানে তিনি লিখেছিলেন, “ভারতের যুবসমাজ, ছাত্রছাত্রীরা, জেন জি সংবিধান ও গণতন্ত্র রক্ষা করবে এবং বন্ধ করবে ভোট চুরি। তাদের পাশে আমি সর্বদা থাকব। জয় হিন্দ।” এই পোস্ট চোখের নিমেষে চারিদিকে ছড়িয়ে পড়ে। বলা ভালো, রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে ওঠে।
এছাড়া বৃহস্পতিবার রাহুল গান্ধী অভিযোগ তুলেছিলেন যে ভোটার তালিকায় গোলমাল হয়েছে এবং বেছে বেছে কংগ্রেস সমর্থকদের ভোট মুছে দেওয়া হচ্ছে। রাহুলের এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে নির্বাচন কমিশন এবং দাবি করে তা ভিত্তিহীন। বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরও পাল্টা দেন লোকসভার বিরোধী দলনেতাকে এবং কয়েকটি প্রশ্নও ছুঁড়ে দেন। এবার দেখার বিষয় যে আগামীদিনে কংগ্রেস ও বিজেপির লড়াই এই বিষয়ে কোন মোড় নেয়।






