কলকাতা

ফের সমস্যায় যাত্রীরা! উত্তর-দক্ষিণ শাখায় মেট্রো পরিষাবা ব্যাহত

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ঘটনার নেপথ্যে মূল কারণ বিদ্যুৎবিভ্রাট।

Truth Of Bengal: ফের ভোগান্তিতে মেট্রোর যাত্রীরা। ব্যস্ততম দিন সোমবার। আর সপ্তাহের এই প্রথম দিনেই স্তব্ধ কলকাতা মেট্রোর ব্লু লাইনের মেট্রো। সোমবার বেলার দিকে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে মেট্রো। গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর মেট্রো বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ঘটনার নেপথ্যে মূল কারণ বিদ্যুৎবিভ্রাট।

উল্লেখ্য, গতকাল অর্থাৎ রবিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, শনি ও রবিবার মেট্রো পরিষেবার মাঝে কোনও বাধা-বিঘ্ন আসেনি। স্বাভাবিক নিয়ম অনুযায়ী চলেছে পরিষেবা। সেই সঙ্গে তারা জানায়, শনিবার অর্ধ ছুটির দিন হলেও উত্তর-দক্ষিণ (ব্লু লাইন) অংশে অন্তত ৫ লক্ষ ২৫ হাজার মানুষ মেট্রোয় করে যাতায়াত করেছে। অধিকাংশ ট্রেন-ই সঠিক সময়ে চলেছে। এই বিজ্ঞপ্তির পর সপ্তাহের শুরুতেই ফের ভোগান্তিতে যাত্রীরা।

পুজো সামনে আসায় স্বাভাবিকভাবেই যাত্রীদের ভিড় বেড়েছে মেট্রোয়। এই সময় পরিষেবায় ব্যাঘাত মেট্রো কর্তৃপক্ষের কাছেও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মেট্রোর একটি সূত্র জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে সবরকম প্রচেষ্টা চলছে। যেসব কারণে সমস্যা তৈরি হচ্ছে, সেগুলি চিহ্নিত করে একে একে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কবে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনই নির্দিষ্ট কিছু জানাতে পারেননি।

Related Articles