US School Shooting: আমেরিকার স্কুলে আবারও বন্দুক হামলা, নিহত ২ শিশু
পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম রবিন ওয়েস্টম্যান (২৩), যিনি নিজেকে রূপান্তরকামী হিসেবে পরিচয় দিতেন। তাঁর সঙ্গে ছিল তিনটি আগ্নেয়াস্ত্র
Truth of Bengal: আবারও আমেরিকার স্কুলে রক্তপাত। বুধবার মিনেসোটার মিনিয়াপলিস শহরের একটি ক্যাথলিক স্কুলে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে দু’জন শিশুর। আহত হয়েছেন আরও ১৭ জন শিক্ষার্থী, যাদের মধ্যে অধিকাংশের বয়স ৬ থেকে ১৫ বছরের মধ্যে। পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম রবিন ওয়েস্টম্যান (২৩), যিনি নিজেকে রূপান্তরকামী হিসেবে পরিচয় দিতেন। তাঁর সঙ্গে ছিল তিনটি আগ্নেয়াস্ত্র—একটি রাইফেল, একটি শটগান এবং একটি পিস্তল। স্কুলে এলোপাথাড়ি গুলি চালানোর পর অদূরে একটি পার্কিং এলাকায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন (US School Shooting)।
আরও পড়ুনঃ Risabh Panth: রোকো নয়, পান্থকে বল করা কঠিন বলে মনে করেন উড
তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ওয়েস্টম্যানের অস্ত্র ও ম্যাগাজিনে লেখা ছিল একাধিক উসকানিমূলক বার্তা। সেগুলি হল- ‘ ডোনাল্ড ট্রাম্পকে খুন করো’ , ‘ ইজরায়েলের পতন হতেই হবে’ , ‘ ভারতে পরমাণু বোমা ফেলো’ সহ একাধিক বার্তা। ইতিমধ্যেই এই ছবি সমাজমাধ্যমে প্রকাশ করেছেন রিপাবলিকান নেত্রী লরা লুমার। তাঁর দাবি, হামলাকারী ভারতবিরোধী এবং ইহুদি-বিরোধী প্রচারের দ্বারা প্রভাবিত ছিলেন। তবে ওয়েস্টম্যানের কোনও অপরাধমূলক ইতিহাস ছিল না, তিনি একা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন এবং অস্ত্রও আইনি পথে কিনেছিলেন। তদন্তে সামনে এসেছে ওয়েস্টম্যানের ইউটিউবে ছিল একটি চ্যানেল ‘রবিন ডাব্লিউ’। সেখানে অস্ত্র, কার্তুজ ও ম্যাগাজিনের একাধিক ভিডিয়ো পাওয়া গিয়েছে বলে জানা গেছে। হামলার পরে চ্যানেলটি সরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ (US School Shooting)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দফতরের সচিব ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, ওয়েস্টম্যান নিজের পরিচয় রূপান্তরকামী বলে দাবি করতেন। তাঁর রাইফেলের ম্যাগাজিনে ট্রাম্পকে খুনের হুমকি লেখা ছিল বলে পুলিশকে জানিয়েছেন তিনি।এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে আমেরিকায় বন্দুক নিয়ন্ত্রণ আইন নিয়ে। শিশুদের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। স্কুলে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি আরও বাড়ানো হবে বলে ইঙ্গিত দিয়েছে প্রশাসন। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত (US School Shooting)।






