Punjab: পাঞ্জাবে অতি বৃষ্টি, মাধোপুরে বহুতলে ধস
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর থেকে লাগাতার বৃষ্টির জেরে মাধোপুর হেডওয়ার্কসের কাছে ওই বহুতলে আশ্রয় নিয়েছিলেন বন্যাদুর্গতরা।
Truth Of Bengal: প্রবল বর্ষণ ও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পাঞ্জাবের (Punjab) মাধোপুর। সেনার তৎপরতায় বুধবার ভোরে এক বহুতল থেকে ২২ জন সিআরপিএফ জওয়ান ও তিন সাধারণ নাগরিককে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হয়। কিন্তু উদ্ধারকাজ শেষ হতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই বহুতল। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর থেকে লাগাতার বৃষ্টির জেরে মাধোপুর হেডওয়ার্কসের কাছে ওই বহুতলে আশ্রয় নিয়েছিলেন বন্যাদুর্গতরা। বুধবার ভোরে খারাপ আবহাওয়া উপেক্ষা করে সেনা উদ্ধারকাজ শুরু করে। একে একে ভিতরে আটকে থাকা সকলকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। কিন্তু শেষ ব্যক্তিকে উদ্ধারের কয়েক মিনিট পরেই ধসে পড়ে গোটা বহুতলটি।
[আরও পড়ুন: Graduate: স্বপ্ন পূরণে কঠিন লড়াই, মেয়ের সঙ্গে স্নাতক মা ]
ঘটনার ভয়াবহতা ফুটে উঠেছে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয়। সেখানকার একটিতে দেখা যায়, বন্যার তীব্র স্রোতের মধ্যে হেলিকপ্টার ঝুলিয়ে মানুষজনকে উদ্ধার করছে সেনা। আরেকটি ভিডিয়োয় স্পষ্ট শোনা যায় বিকট শব্দে ভেঙে পড়ছে ভবনটি। বর্তমানে গত কয়েকদিনের অতি বৃষ্টির জেরে পাঞ্জাবের বহু গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঠানকোট, গুরদাসপুর, ফাজিলকা, ফিরোজপুর, হোঁশিয়ারপুর। পাশাপাশি জলমগ্ন রাজ্যের অধিকাংশের বেশি রাস্তাঘাট। এই পরিস্থিতিতে পাঞ্জাবের (Punjab) মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ঘোষণা করেছেন, বুধবার থেকে আগামী চারদিন রাজ্যের সব স্কুল বন্ধ থাকবে।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
২৭ আগস্ট বুধবার থেকে ৩০ আগস্ট শনিবার পর্যন্ত বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি স্কুল। প্রবল বৃষ্টির জেরে এমন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে উত্তর ভারতের একাধিক রাজ্যেই গত তিন-চার দিন ধরে চলছে টানা বৃষ্টি। ভারী বর্ষণে বিপর্যস্ত জম্মু-কাশ্মীরেও ধস নেমে আটকে পড়েছেন বহু যাত্রী। বৈষ্ণোদেবী যাত্রাপথে ধসে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত ২৩। রাজ্যজুড়ে বহু এলাকায় ধস নামায় বন্ধ হয়ে গিয়েছে রাস্তাঘাট, বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।(Punjab)






