Siliguri Theft: চেতনানাশক স্প্রে করে চুরি, হাসপাতালে ভর্তি একই পরিবারের ৭ জন
চোর বাড়িতে থাকা বেশ কিছু জিনিসপত্র ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়।
Truth of Bengal: শিলিগুড়ির গেটবাজার এলাকায় ভোরবেলা ঘটল চাঞ্চল্যকর চুরি। চেতনানাশক স্প্রে ব্যবহার করে পরিবারের সদস্যদের অচৈতন্য করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত সাতজন।
আরও পড়ুনঃ Mumbai Rain:বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী! মাঝপথে আটকে ৮০০ যাত্রীসহ দুটি মনোরেল
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে চোরের দল প্রথমে একটি বাড়ির গ্রিল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। সেই সময় ঘরের সদস্যদের ওপর চেতনানাশক স্প্রে ছিটিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই সকলে অচৈতন্য হয়ে পড়েন। এরপর নির্দ্বিধায় ঘর থেকে টাকা ও গহনা লুট করে চোরেরা পালিয়ে যায়।
পরে সকালে বাইরে থেকে বাড়ির দরজা বন্ধ অবস্থায় দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ভিতরে ঢুকে পরিবারের সদস্যদের অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। তবে পুলিশের আগেই আহতদের উদ্ধার করে তড়িঘড়ি শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন সবাই। কত টাকা বা কোন কোন সামগ্রী চুরি হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি। পরিবারের সদস্যরা সুস্থ হলে সেই তথ্য স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, এধরনের ঘটনা এই প্রথমবার ঘটল এলাকায়। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং চোরদের চিহ্নিত করার চেষ্টা চলছে।






