দেশ

নবম শ্রেণির জন্য ওপেন-বুক পরীক্ষা চালু করছে সিবিএসই, কবে থেকে জানেন?

সংবাদ প্রতিবেদন অনুযায়ী, গত জুন মাসে সিবিএসই-র সর্বোচ্চ নীতি নির্ধারণকারী সংস্থা গভর্নিং বডি এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।

Truth Of Bengal: কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই) ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণিতে ওপেন-বুক পরীক্ষা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মুখস্থ বিদ্যার প্রবণতা কমিয়ে বোঝাপড়া ও ধারণা প্রয়োগের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংবাদ প্রতিবেদন অনুযায়ী, গত জুন মাসে সিবিএসই-র সর্বোচ্চ নীতি নির্ধারণকারী সংস্থা গভর্নিং বডি এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। ভাষা, গণিত, বিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিষয়ে প্রতিটি সেমিস্টারে তিনটি লিখিত মূল্যায়নে এই পরীক্ষা নেওয়া হবে।

জাতীয় পাঠ্যক্রম কাঠামো (এনসিএফএসই) ২০২৩ অনুযায়ী, ওপেন-বুক পরীক্ষায় শিক্ষার্থীরা প্রশ্নের উত্তর দেওয়ার সময় পাঠ্যপুস্তক, নোট বা গ্রন্থাগারের উপকরণ দেখতে পারবে। এই পরীক্ষায় মুখস্থ করার দক্ষতার পরিবর্তে শেখা বিষয় বাস্তব পরিস্থিতিতে কতটা বোঝা, বিশ্লেষণ ও প্রয়োগ করা যায়, তা যাচাই করা হবে।

২০২৩ সালের ডিসেম্বরে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য পাইলট স্টাডি পরিচালনা করা হয়। তাতে দেখা যায়, শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর ১২% থেকে ৪৭% এর মধ্যে ছিল। অনেকেই রেফারেন্স উপকরণ কার্যকরভাবে ব্যবহার করতে অসুবিধায় পড়লেও শিক্ষকরা মনে করেন, সঠিক প্রশিক্ষণ পেলে সমালোচনামূলক চিন্তাশক্তি বৃদ্ধিতে এই পদ্ধতি কার্যকর হতে পারে।

[আরও পড়ুন: IndiGo: নোংরা আসনের জন্য ইন্ডিগোর বিরুদ্ধে কনজিউমার ফোরামের কড়া পদক্ষেপ]

বোর্ড জানিয়েছে, আগ্রহী স্কুলগুলির জন্য মানক নমুনা প্রশ্নপত্র ও পরীক্ষার কাঠামো তৈরি করা হবে। এটি বাধ্যতামূলক না হলেও পর্যাপ্ত পরিকাঠামো থাকা স্কুলগুলিকে এই পদ্ধতি গ্রহণে উৎসাহিত করা হবে। উদ্দেশ্য হল পরীক্ষার চাপ কমানো এবং মুখস্থ বিদ্যার পরিবর্তে বোঝাপড়া ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি।

Related Articles