Thailand Cambodia Clash: দক্ষিণ-পূর্ব এশিয়ায় যুদ্ধের দামামা! থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে মৃত্যু ১২
বৃহস্পতিবার ভোরে এফ-১৬ যুদ্ধবিমান নিয়ে কম্বোডিয়ার সামরিক ঘাঁটিতে প্রবল হামলা চালিয়েছে থাই সেনা।
Truth of Bengal: দক্ষিণ-পূর্ব এশিয়ায় যুদ্ধের দামামা। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংঘর্ষ চরমে পৌঁছেছে। সম্প্রতি সীমান্তে রকেট হামলায় দুই থাই নাগরিকের মৃত্যুর জেরে পালটা প্রতিশোধ নেয় থাইল্যান্ড। বৃহস্পতিবার ভোরে এফ-১৬ যুদ্ধবিমান নিয়ে কম্বোডিয়ার সামরিক ঘাঁটিতে প্রবল হামলা চালিয়েছে থাই সেনা। থাই সেনাবাহিনীর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ আমাদের একটি যুদ্ধবিমান কম্বোডিয়ার ভূখণ্ডে ঢুকে সফলভাবে গুলিবর্ষণ করে এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করে দেশে ফিরে আসে (Thailand Cambodia Clash)।’
আরও পড়ুন: শ্রীরূপার ঝাঁপ নেমেছে চিরতরে, সিনেমা হল নয়, এটা এক সময়ের বিদায়
ওই হামলায় কম্বোডিয়ার ‘স্পেশাল মিলিটারি রিজিয়ন কমান্ডস ৮ ও ৯’-এর ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। এরপরেই দুই দেশের মধ্যে শুরু হয় সংঘর্ষ। আর এই সংঘর্ষে কমপক্ষে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। নিহতদের মধ্যে রয়েছেন সেনা ও সাধারণ মানুষ— দুই পক্ষেই। এই হামলার সত্যতা স্বীকার করে তীব্র নিন্দা জানিয়েছে কম্বোডিয়ার সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ‘থাইল্যান্ডের এই পদক্ষেপ সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন। এটি একটি নৃশংস এবং অবৈধ সামরিক আগ্রাসন।’ কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এক বিবৃতিতে জানান, ‘ আমরা সবসময় শান্তিপূর্ণ উপায়ে সমস্যা মেটাতে চেয়েছি। কিন্তু এই হামলার পরে পালটা প্রতিক্রিয়া ছাড়া কোনও পথ নেই (Thailand Cambodia Clash)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
কম্বোডিয়ার প্রতিরক্ষা ও সম্মান রক্ষায় সমস্ত পদক্ষেপ নেওয়া হবে।’ এই সংঘর্ষের কেন্দ্রে রয়েছে ‘এমারেলড ত্রিকোণ’ নামে পরিচিত সীমান্ত অঞ্চল, যেখানে থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমানা মিলিত হয়েছে। এই অঞ্চলে রয়েছে বহু প্রাচীন ও ঐতিহাসিক মন্দির, যা তিন দেশের সাধারণ মানুষের ধর্মীয় আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রসঙ্গত, ১৫ বছর আগেও এই অঞ্চল ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছিল থাইল্যান্ড ও কম্বোডিয়া। কিছুদিন আগে মে মাসেও নতুন করে উত্তেজনা ছড়ায়, যার জেরে একজন কম্বোডিয়ান সেনার মৃত্যু হয়।বর্তমানে দুই দেশের মধ্যে সরাসরি সশস্ত্র লড়াইয়ের পরিস্থিতি তৈরি হওয়ায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। রাষ্ট্রসংঘ, আসিয়ান সহ একাধিক সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গিয়েছে (Thailand Cambodia Clash)।






