Cyber Fraud: অনলাইন সাইবার জালিয়াতিতে গ্রেফতার যুবক, উদ্ধার বহু সিম ও মোবাইল
পুলিশ জানিয়েছে, একটি তিনতলা আবাসনের দোতলায় ঘর ভাড়া নিয়ে প্রতারণার চক্র চালাচ্ছিল আফসার।
সৌগত রায়, হুগলি: অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হল পান্ডুয়ার বাসিন্দা এক যুবক। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ আফসার (২৬), বাড়ি সেখপুকুর বালি খাদ এলাকায়। মঙ্গলবার রাতে পান্ডুয়ার সামন্ত গলি এলাকার একটি আবাসন থেকে তাকে গ্রেপ্তার করে পান্ডুয়া থানার পুলিশ (Cyber Fraud)।
পুলিশ জানিয়েছে, একটি তিনতলা আবাসনের দোতলায় ঘর ভাড়া নিয়ে প্রতারণার চক্র চালাচ্ছিল আফসার। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৩টি সিম কার্ড, ৮টি ব্যবহৃত মোবাইল, ৪টি নতুন মোবাইল ও নগদ ৫০ হাজার টাকা (Cyber Fraud)।
আরও পড়ুনঃ Mamata Rally: মমতার কর্মসূচি দেখে প্রশংসায় পঞ্চমুখ দিল্লির বাঙালিরা
তদন্তে উঠে এসেছে, আফসার একটি নামী অনলাইন মার্কেটিং সংস্থার নকল ওয়েবসাইট তৈরি করে তা নিজের ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে প্রচার চালাত। প্রতারণার ফাঁদে পড়ে সাধারণ মানুষ সেই সাইটে অনলাইন কেনাকাটা শুরু করে। এইভাবে তাদের ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে নিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিত সে। প্রায় দু’মাস ধরে এই প্রতারণা চলছিল বলে পুলিশ জানিয়েছে (Cyber Fraud)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
জানা গিয়েছে, আফসার উচ্চমাধ্যমিক পাস করার পর অটো চালাত। পরে রংয়ের কাজ শুরু করে। তবে গত তিন মাসে তার জীবনযাত্রায় আচমকা পরিবর্তন লক্ষ্য করেন স্থানীয়রা। সেই সূত্র ধরেই সন্দেহ দানা বাঁধে। বৃহস্পতিবার ধৃতকে চুঁচুড়া আদালতে পেশ করে পুলিশ। দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। এই চক্রে আর কেউ জড়িত কিনা, বা প্রতারণার নেটওয়ার্ক কতটা বিস্তৃত—তা খতিয়ে দেখছে পুলিশ। স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছে পান্ডুয়া থানার আধিকারিকরা (Cyber Fraud)।






