Messi: মেসির গোল থামতেই ছন্দপতন, হার ইন্টার মায়ামির আমেরিকান লিগে
০-৩ ব্যবধানে হারের মুখ দেখতে হল মেসিদের, যা তাদের লিগ টেবিলের দৌড়ে কিছুটা হলেও চাপে ফেলে দিল।
Truth of Bengal: আমেরিকা লিগে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে নজর কাড়ছিলেন লিয়োনেল মেসি। কিন্তু সেই দুরন্ত গোলের ধারাতেও শেষ পর্যন্ত ছেদ পড়ল। এমএলএসে (মেজর লিগ সকার) সিনসিনাটির বিরুদ্ধে গোলশূন্য থেকে মাঠ ছাড়ল ইন্টার মায়ামি। ০-৩ ব্যবধানে হারের মুখ দেখতে হল মেসিদের, যা তাদের লিগ টেবিলের দৌড়ে কিছুটা হলেও চাপে ফেলে দিল। গোটা ম্যাচে মায়ামি শিবির বিপক্ষ গোলমুখে মাত্র দুটি শট নিতে পেরেছে, যা দলের আক্রমণাত্মক খেলায় বড় ধাক্কার ইঙ্গিত দিচ্ছে। ম্যাচের শুরুতেই সিনসিনাটিকে এগিয়ে দেন জেরার্দো ভালেনজুয়েলা। এরপর দ্বিতীয়ার্ধে ব্রাজিলিয়ান স্ট্রাইকার এভান্দের জোড়া গোলে জয় নিশ্চিত করে দেন (Messi)।
আরও পড়ুনঃ Iraq Fire: ইরাকের নতুন শপিং মলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ৬০

এখনও পর্যন্ত ২০টি ম্যাচে ১১টিতে জয় পেয়েছে ইন্টার মায়ামি। ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তারা রয়েছে পঞ্চম স্থানে। যদিও তাদের উপরের দলগুলির থেকে তিনটি ম্যাচ কম খেলেছে মায়ামি। ফলে শীর্ষে যেতে হলে বাকি প্রতিটি ম্যাচেই জয় দরকার তাদের।হারের পর মায়ামির কোচ জেভিয়ার মাসচেরানো সরাসরিই দলের দুর্বলতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘ ম্যাচের শুরু থেকেই আমরা খেলতে পারিনি। ব্যক্তিগত লড়াইয়ে বরাবর পিছিয়ে পড়েছি। শারীরিক দিক থেকেও পিছিয়ে ছিলাম। সম্ভবত দীর্ঘ মরসুম খেলার ক্লান্তি আমাদের ধরে ফেলেছে। শেষ দিকে মেসি চোট পেয়েছিল, তবে এখন ঠিক আছে (Messi)।’
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
এমন পরিস্থিতিতে দলে আসতে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা রদ্রিগো দি পল। বর্তমানে তিনি খেলছেন স্পেনের আতলেতিকো মাদ্রিদ ক্লাবে। সূত্রের খবর, চার বছরের চুক্তিতে মায়ামিতে যোগ দিতে পারেন এই মিডফিল্ডার। ৩০ জুলাই ‘লিগস কাপ’-এ আটলাসের বিরুদ্ধে ম্যাচেই তাঁর অভিষেক হতে পারে। দি পল ইতিমধ্যেই জাতীয় দলে মেসির সঙ্গে খেলেছেন এবং ২০২২ কাতার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। মেসির গোল না পাওয়া ও দলের হার দুয়ে মিলে কিছুটা ব্যাকফুটে ইন্টার মায়ামি। তবে দি পলের মতো অভিজ্ঞ মিডফিল্ডার এলে আক্রমণ ও মাঝমাঠে ভারসাম্য ফিরিয়ে আনার সম্ভাবনা প্রবল। এখন দেখার, দল কত দ্রুত ফের পুরানো ছন্দে ফেরে (Messi)।






