SSC Recruitment Case: এসএসসি নিয়োগে বিতর্ক! ফের মামলা হাই কোর্টে
সেই বিজ্ঞপ্তি প্রকাশের পরে বহু প্রার্থী নতুন করে আবেদনও করেছেন অনলাইনে।
Truth of Bengal: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ফের মামলা কলকাতা হাই কোর্টে। শীর্ষ আদালতের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছিল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য শিক্ষা দফতর। সেই বিজ্ঞপ্তি প্রকাশের পরে বহু প্রার্থী নতুন করে আবেদনও করেছেন অনলাইনে। শিক্ষা দফতরের এই নতুন বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনেই দেওয়া হয়েছে বলে দাবি করে এবং সেই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে এর আগেও মামলা হয়েছে। এবার আবার সেই বিজ্ঞপ্তির বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের একাংশ (SSC Recruitment Case)।
আরও পড়ুনঃ Pant Umpire Clash: আম্পায়ারের দিকে বল ছুঁড়ে কি আইসিসি-র শাস্তি পেতে পারেন পন্থ?
সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী অনিন্দ্য মিত্র ও শামিম আহমেদ জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল শুধুমাত্র যোগ্য চাকরিহারা শিক্ষকরাই নতুন করে পরীক্ষায় বসতে পারবেন। পাশাপাশি বয়সে ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল শীর্ষ আদালতের নির্দেশে। কিন্তু এসএসসি-র তরফে যে নতুন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে টেন্টেড বা অযোগ্য প্রার্থীরাও পরীক্ষায় বসতে পারবেন। পাশাপাশি প্রার্থীদের বয়সে ছাড়ের বিষয়টিও সুস্পষ্ট ভাবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি বলে মামলার আবেদনে জানিয়েছেন মামলাকারীরা (SSC Recruitment Case)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
আগামী ১৪ জুলাই এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন গ্রহণের শেষ দিন। সোমবার জরুরি ভিত্তিতে মামলার শুনানির জন্য আবেদন করা হয়েছিল। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, ‘এর ব্যাখ্যা একমাত্র সুপ্রিম কোর্টই দিতে পারবে। মূল নির্দেশও সুপ্রিম কোর্ট দিয়েছিল।’ যদিও সময়সীমার কথা বিবেচনা করে আগামী ১ জুলাই মামলাটির শুনানি হতে পারে বলে সূত্রের খবর (SSC Recruitment Case)।






