খেলা

Baichung Bhutia: ভারতীয় ফুটবলের সঠিক পরিকাঠামোই নেই, তবুও নিরুত্তাপ ফেডারেশন সভাপতি : বাইচুং

সাংবাদিক সম্মেলনের শুরুতেই ভারতীয় ফুটবলের এই করুণ অবস্থা নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও তার প্রেসিডেন্ট কল্যাণ চৌবে-কে একহাত নিলেন পাহাড়ি বিছে।

Truth of Bengal: ভারতীয় ফুটবলের হাল-হকিকৎ নিয়ে এবং কিভাবে ভারতীয় ফুটবলের উন্নতি করা সম্ভব আগামী দিনে তা নিয়েই শুক্রবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে নিজের ব্যক্তিগত উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া (Baichung Bhutia)।

সাংবাদিক সম্মেলনের শুরুতেই ভারতীয় ফুটবলের এই করুণ অবস্থা নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও তার প্রেসিডেন্ট কল্যাণ চৌবে-কে একহাত নিলেন পাহাড়ি বিছে। প্রথমেই বাইচুং বলেন, ‘আমাদের ভাবতে অবাক লাগে ফুটবল নিয়ে আমাদের ফেডারেশন যেভাবে চলছে তা দেখে। কিভাবে আগামী দিনে ফুটবলের উন্নতি করা যায়, তার কোনও সঠিক পরিকল্পনাই এখন অবধি গ্রহণ করতে পারেননি বর্তমান সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। ভারতীয় ফুটবলের উন্নতি করতে গেলে সবার প্রথম দরকার, সঠিকভাবে গ্রাসরুট লেভেল থেকে ফুটবলার তুলে আনা। এবং এটা যথেষ্ট দীর্ঘমেয়াদি একটা পরিকল্পনা। এক দিন বা দু’দিন বা তিন দিন করে বন্ধ করে দিলে হবে না। কিন্তু দুঃখের বিষয় ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা নামেই গ্রাসরুট লেভেলের কথা বলেন। কাজের কাজ কিছুই করেন না। না হলে আজ ভারতীয় ফুটবল এই জায়গায় থাকত না। ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা জানেনই না যে জাতীয় দলে ফুটবলার কোথা থেকে তৈরি হয়। উনাদের জানা উচিত, জেলা, রাজ্য জাতীয় দলে ফুটবলারের সাপ্লাই লাইন। কাজেই তা যদি ঠিক না হয় তাহলে ফুটবলারের উন্নতি হবে কোথা থেকে? আসলে এইসব বিষয়ে কোনও সঠিক পরিকল্পনাই নেই কল্যাণ চৌবের। উনি শুধু স্বপ্নই দেখেন। স্বপ্নকে বাস্তবে পরিণত করতে যে পরিকল্পনার দরকার সেটা উনি বুঝেও বোঝেন না। এর পাশাপাশি যত বেশি অনুর্ধ্ব-১৭, অনুর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ফুটবলে ভারত অংশগ্রহণ করে নিজেদের উন্নতি সাধন করতে পারবে না, ততদিন ভারতীয় ফুটবল যে তিমিরে আছে, সেই তিমিরেই থাকবে। লাভের লাভ কিছুই হবে না (Baichung Bhutia)।’

বাইচুং এরপর প্রশ্ন তুলে বলেন, ‘আমি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য। সেই কমিটির বৈঠকে আমি প্রশ্ন তুলেছিলাম, যদি সাংসদের অধিবেশন টিভিতে দেখানো হয়, তাহলে কেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির বৈঠক সোশ্যাল মিডিয়ায় লাইভ করা হবে না? দুঃখের বিষয় যতবারই এই প্রশ্ন তোলা হয়েছে, ততবারই একটাই উত্তর এসেছে, যদি কিছু জানাজানি হয়ে যায়। আমার প্রশ্ন, কি জানাজানি হবে? কিন্তু দুঃখের বিষয় এর কোনও উত্তর ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে দিতে পারেননি (Baichung Bhutia)।’

আরও পড়ুন: Karun Nair-Jitesh Sharma: টেস্ট দলে সুযোগ পেয়েই বিদর্ভ ছেড়ে কর্ণাটকের পথে করুন

এরপর প্রাক্তন জাতীয় অধিনায়ক প্রশ্ন তোলেন, ‘ক্রিকেটারদের সঙ্গে যদি বিসিসিআই চুক্তি করতে পারে, তাহলে আমাদের ফুটবলারদের সঙ্গে কেন তা করতে পারে না সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। অথচ দুঃখের বিষয়, হল হংকং ম্যাচের আগে খেলোয়াড়দের আর্থিক পুরস্কার ঘোষণা করে ফেডারেশন। এএফসি-তে এখনও চারটি ম্যাচ বাকি আছে, আমার প্রশ্ন হল তাহলে কি প্রতিটা ম্যাচেই  এত লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে, নাকি কেবল হংকং ম্যাচের জন্য তা বরাদ্দ ছিল (Baichung Bhutia)।’

এশিয়া কাপের আয়োজন নিয়েও বিস্ফোরক হয়ে ফেডারেশন প্রেসিডেন্টকে কাঠগড়ায় তোলেন পাহাড়ি বিছে, ‘২০২৭ এশিয়া কাপ আয়োজনের সুযোগ ভারতের কিছু ছিল। তবুও ফেডারেশন প্রেসিডেন্ট তা কাজে লাগাতে পারলেন না। উনি বলছেন, ২০৩১ সালের কথা। যে ঘাটতি ছিল সেটা চার বছরে কি মিটে যাবে? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সম্ভব নয়। অথচ এশিয়া কাপের মতো ফুটবলের আসর ভারতে হলে লাভবান হত ভারতীয় ফুটবল। কিন্তু সেটা সম্ভব হল না, কেবলমাত্র ফেডারেশন প্রেসিডেন্টের অদূরদর্শিতার কারণে।’ উদাহরণ দিয়ে বাইচুং বলেন, ‘উনি সন্তোষ ট্রফির মতো আসর সৌদিতে করছেন। তাতে কি লাভ হচ্ছে ফুটবলের। কিছুই নয়। আর যেটা করলে কাজের কাজ হবে সেটা নিয়ে ভুল পরিকল্পনা করছেন। ফলে যা হওয়ার তাই হচ্ছে।’

এরপর বর্তমান ফেডারেশন সভাপতিকে নিশানা করে বাইচুং বলেন, ‘আমি যখন জাতীয় দলের হয়ে ফুটবল খেলেছি, তখন বর্তমান প্রেসিডেন্ট কটা ম্যাচে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন, আমরা তা মনে পড়ে না। অথচ উনি ফুটবলের সর্বময় কর্তা হয়ে বসে আছেন।’

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

এখানেই শেষ নয়, প্রাক্তন জাতীয় অধিনায়ক আরও বলেন, ‘দেশের ফুটবলের উন্নতিতে আর একটা বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ। তা হল যত বেশি ফুটবলের অ্যাকাডেমি গড়ে উঠবে, তত বেশি ছেলে-মেয়েদের ফুটবলের প্রতি আগ্রহ বাড়বে। কিন্তু আমাদের ফেডারেশন অ্যাকাডেমিগুলোর ওপর বিভিন্নভাবে যে কঠোর নীতি গ্রহণ করছে তাতে অ্যাকাডেমি চালানো সবার পক্ষে সম্ভব নয়। তাহলে ফুটবলার উঠে আসবে কোথা থেকে। আসলে ফুটবলের কোনও উন্নতির থেকে প্রেসিডেন্ট রাজনীতি করতে বেশি ব্যস্ত। ফলে যা হওয়ার তাই হবে। উজবেকিস্তান, তাজিকিস্তানের মত দেশ বিশ্বকাপ খেলবে আর আমরা শুধুই হা-হুতাশ করে কাটিয়ে দেব।’

 

 

Related Articles