খেলা

Baichung Bhutia: কলকাতায় বাইচুং ভুটিয়ার ফুটবল একাডেমি! ২১ ডিসেম্বর প্রতিভাবানদের খোঁজে বসছে মেগা ট্রায়াল

২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে জন্মগ্রহণকারী ফুটবলাররা এই ট্রায়ালে অংশ নিতে পারবেন।

Truth of Bengal: বাইচুং ভুটিয়া ফুটবল স্কুল (বিবিএফএস) কলকাতায় তাদের আবাসিক ফুটবল অ্যাকাডেমির জন্য স্কাউটিং ট্রায়ালের আয়োজন করতে চলেছে। প্রতিভাবান তরুণ ফুটবলারদের চিহ্নিত করার লক্ষ্যে এই ট্রায়াল অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর (রবিবার) এনকেডিএ ফুটবল স্টেডিয়ামে। ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে জন্মগ্রহণকারী ফুটবলাররা এই ট্রায়ালে অংশ নিতে পারবেন।

বিবিএফএস ইতিমধ্যেই দেশজুড়ে একটি সুসংগঠিত স্কাউটিং নেটওয়ার্ক গড়ে তুলেছে, যেখানে লাইসেন্সপ্রাপ্ত সিনিয়র কোচরা বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের মূল্যায়ন করেন। এর মাধ্যমে জাতীয় স্তরে উদীয়মান ফুটবলারদের সামনে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হয়।বিবিএফএস-এর আবাসিক অ্যাকাডেমি একটি সমন্বিত ফুটবল ও শিক্ষামূলক মডেলে পরিচালিত হয়। স্বনামধন্য বোর্ডিং স্কুলগুলির সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি এই কর্মসূচিতে অভিজাত ফুটবল প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিত শিক্ষা ব্যবস্থার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। খেলোয়াড়দের জন্য বছরব্যাপী প্রশিক্ষণ সূচিতে থাকে প্রযুক্তিগত ও কৌশলগত অনুশীলন, শক্তি ও ফিটনেস প্রশিক্ষণ, পুষ্টি পরিকল্পনা এবং রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ। প্রতিটি খেলোয়াড়ের জন্য আলাদা করে তৈরি করা হয় ‘ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান’ (আইডিপি), যা তাদের দীর্ঘমেয়াদি উন্নয়নের পথ নির্দেশ করে।

এই উদ্যোগ প্রসঙ্গে বিবিএফএস-এর সহ-প্রতিষ্ঠাতা এবং ভারতীয় ফুটবলের কিংবদন্তি বাইচুং ভুটিয়া বলেন,এই ট্রায়াল তরুণ খেলোয়াড়দের জন্য এক দারুণ সুযোগ, যারা পড়াশোনার সঙ্গে আপস না করে পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে। আমাদের লক্ষ্য প্রতিভাবান ছাত্র-ক্রীড়াবিদদের সঠিক পরিবেশ, মানসম্পন্ন কোচিং ও শৃঙ্খলাবদ্ধ সংস্কৃতি দেওয়া, যাতে তারা সামগ্রিকভাবে উন্নতি করতে পারে।ট্রায়ালে অংশগ্রহণকারীদের সঙ্গে রাখতে হবে বৈধ সরকারি পরিচয়পত্র। জার্সি, শর্টস, ফুটবল বুট ও শিন গার্ডসহ সম্পূর্ণ ফুটবল কিট পরা বাধ্যতামূলক। পাশাপাশি ব্যক্তিগত জলের বোতল বা হাইড্রেশন প্যাক আনতেও বলা হয়েছে। আগ্রহী ফুটবলাররা বিবিএফএস-এর অফিসিয়াল স্পোর্টস লার্নিং প্ল্যাটফর্ম ‘এনযোগো’ অ্যাপের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে পারবেন।