আন্তর্জাতিক

ঢাকা কলেজ-সিটি কলেজে উত্তেজনা, সংঘর্ষে রণক্ষেত্র রাজধানী

Tensions at Dhaka College-City College, capital becomes battleground for clash

Truth Of Bengal: রাজধানীতে ফের কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। সোমবার ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগের পরদিনই মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে ঢাকার সায়েন্সল্যাব মোড়, নিউ মার্কেট ও ধানমন্ডি এলাকা। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন শিক্ষার্থী।

ঢাকা কলেজের ছাত্রদের দাবি, সোমবার ধানমন্ডি এলাকায় কয়েকজন যুবক এক ছাত্রকে মারধর করে। তাঁদের মধ্যে একজন সিটি কলেজের শিক্ষার্থী। এই ঘটনার প্রতিক্রিয়ায় মঙ্গলবার সকালে ঢাকা কলেজের ছাত্ররা দল বেঁধে সিটি কলেজের সামনে যান। সেখানে সিটি কলেজের শিক্ষকদের বাধা সত্ত্বেও গেট লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। কিছু সময়ের মধ্যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। চারদিকে ছুটোছুটি, ইট ছোড়াছুড়ি, আতঙ্ক। বহু পথচারী ও দোকানি আশপাশের এলাকা ছেড়ে যান।পুলিশ জানায়, এই দ্বন্দ্বের সূত্রপাত সোশ্যাল মিডিয়ায় একে অপরকে কটাক্ষ করার মধ্য দিয়ে। সেই কথার লড়াই গড়ায় হাতাহাতিতে। পরে তা রূপ নেয় বড় সংঘর্ষে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগ ও নিউ মার্কেট থানা থেকে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে আসে। উত্তেজিত ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ।

সিটি কলেজ কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ঘটনার শুরুতেই পুলিশ চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারত। কিন্তু তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এই ঘটনার পর এলাকা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। এখনো এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে দুই কলেজ কর্তৃপক্ষকে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে।

Related Articles