দামোদর নদীর তীরে বালুকা শিল্পে পরিবেশ বার্তা বর্ধমানের রঙ্গজীব রায়ের
Environmental message on sand industry by Rangajib Roy of Burdwan
Truth of Bengal: দিঘায় পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দিরের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উদ্যোগে খুশি অনেক বালুকা শিল্পী, কারণ এতদিন বালুকা শিল্পের কেন্দ্রবিন্দু ছিল মূলত পুরীর সমুদ্রতট, এখন থেকে দিঘার সমুদ্রতটেও শিল্পীরা তাদের সৃষ্টিশীলতা তুলে ধরার সুযোগ পাবেন। এতে দিঘার পর্যটন যেমন সমৃদ্ধ হবে, তেমনি শিল্পীদের কাজের সুযোগও বৃদ্ধি পাবে।
এই প্রেক্ষাপটে বর্ধমানের গৌতানপুর চরমানা এলাকার বালুকা শিল্পী রঙ্গজীব রায় তার শিল্পকর্মের মাধ্যমে পরিবেশ রক্ষার এক গভীর বার্তা তুলে ধরলেন। দামোদর নদীর তীরে বালির সাহায্যে তিনি তৈরি করেছেন একটি বিশাল অক্টোপাসের মূর্তি। এটি শুধু শিল্পকর্ম নয়, বরং বিশ্ব উষ্ণায়নের ফলে জলসংকট এবং প্রাণীকুলের অস্তিত্ব সংকটের দিকেও সমাজের দৃষ্টি আকর্ষণ করে।
রঙ্গজীববাবু দীর্ঘ ছয় বছর ধরে বালুকা শিল্প চর্চা করছেন এবং তার নিপুণ হাতে গড়া শিল্পকর্ম বারবার স্থান পেয়েছে দুর্গাপুজোর প্যান্ডেলেও। তিনি বিশ্ববাংলা পুরস্কারপ্রাপ্ত শিল্পী হিসেবেও সম্মানিত হয়েছেন। তার তৈরি শিল্পকর্ম দেখতে স্থানীয় কচিকাঁচা থেকে শুরু করে সাধারণ মানুষ ভিড় করছেন দামোদরের চরজুড়ে।
অবসরের মুহূর্তগুলোতেই তিনি সৃষ্টি করেন পৃথিবীর নানা নিদর্শন—সমুদ্রের তলা থেকে হারিয়ে যাওয়া দুর্গ, প্রাকৃতিক প্রাণী, এবং বিভিন্ন স্থাপত্য যা তিনি ফুটিয়ে তোলেন বালির মাধ্যমে। তার অক্লান্ত শ্রম ও পরিবেশ-সচেতন শিল্পচর্চা নতুন প্রজন্মের কাছে এক উদাহরণ হয়ে উঠছে।






