রাজ্যের খবর

বেসরকারি হাসপাতালে চললো গুলি, চিকিৎসা পরিষেবা নিয়ে অসন্তোষ রোগীর পরিবারের

Shooting at private hospital, patient's family unhappy with medical services

Truth Of Bengal:  পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে শুক্রবার রাতে এক বেসরকারি হাসপাতালে চাঞ্চল্যকর গুলি চালনার ঘটনা ঘটল। চিকিৎসা পরিষেবা নিয়ে অসন্তুষ্ট রোগীর পরিবারের একজন সদস্য আচমকা হাসপাতালের চৌহদ্দির মধ্যেই শুন্যে গুলি চালিয়ে আতঙ্ক ছড়িয়ে দেয়। ঘটনাটি ঘটে বিজননগরের শোভাপুরের কাছে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে।

সুত্র অনুযায়ী, দুর্গাপুরের কোকওভেন থানার অঙ্গদপুর এলাকার বাসিন্দা ৬৮ বছরের বাসুদেব পাল বাইক থেকে পড়ে গুরুতর জখম হন। প্রথমে তাকে দুর্গাপুর সিটি সেন্টারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শোভাপুরের হাসপাতালটিতে স্থানান্তর করা হয়। কিন্তু শুক্রবার সকাল থেকে অবস্থার আরও অবনতি ঘটতে থাকে, এবং চিকিৎসা নিয়ে রুগির পরিবারের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

পরিবারের অভিযোগ ছিল, চিকিৎসা ঠিকমতো হচ্ছে না এবং তারা সকলেই চিকিৎসকদের সঙ্গে দেখা করতে চায়। হাসপাতাল কর্তৃপক্ষ কেবলমাত্র দুজনকে অনুমতি দেয়, কিন্তু বাকিরা দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এবং রাত সাড়ে দশটা নাগাদ পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

অভিযোগ, তখনই এক আত্মীয় আচমকা আগ্নেয়াস্ত্র বের করে শুন্যে তিন রাউন্ড গুলি চালায়। হাসপাতালের নিরাপত্তা কর্মী বর্ণালী চৌধুরীর বয়ান অনুযায়ী, গুলির শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে, এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকি এক পুলিশ কর্মীর গায়েও ধাক্কা মারার অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে।

ঘটনার পর আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (দুর্গাপুর জোন) সুবীর রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং চারজনকে গ্রেপ্তার করা হয়। আগ্নেয়াস্ত্রটি বৈধ কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এসিপি সুবীর রায় জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে।

এই ঘটনায় মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে, এবং প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে।

 

 

Related Articles