দেশ

রাজধানী দিল্লি কার দখলে থাকবে? জল্পনার মাঝেই বোমা ফাটালেন কেজরি

Who will control the capital Delhi? Kejriwal bombshell amid speculation

Truth Of Bengal: শনিবার দিল্লি বিধানসভার ফল বেরুবে। ৭০টি আসনের ভোট গণনা করা হবে কড়া নিরাপত্তায়।সেইমতো নির্বাচন কমিশনের তরফে সমস্তরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন সংস্থার সমীক্ষায় আভাস মিলেছে,আড়াই দশক পর দেশের রাজধানীতে ক্ষমতায় ফিরতে পারে বিজেপি। এর মাঝে বোমা ফাটিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।

কেজরিওয়ালের বিস্ফোরক অভিযোগ,আম আদমি পার্টি ভাঙানোর ফন্দি আঁটছে বিজেপি। ১৫কোটি টাকা দিয়ে আপকে ভাঙানোর ষড়যন্ত্র করা হচ্ছে। এই বিস্ফোরক অভিযোগ ঘিরে বিতর্ক বেড়েছে দিল্লিতে। ক্ষমতার রাশ হাতছাড়া হওয়ার আশঙ্কাতেই কেজরিওয়াল একথা বলছেন, বলে পাল্টা সরব হয়েছে বিজেপিও।

আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং অভিযোগ করেন,১৬জন আপ বিধায়কের সঙ্গে যোগাযোগ করে বিজেপি। দল ভেঙে বেরিয়ে আসার জন্য ১৫কোটি টাকা দেওয়ার টোপ দেওয়া হয়।এমনকি মন্ত্রিত্ব দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছে বিজেপির তরফে।সুলতানপুর মাজরার আপ প্রার্থী মুকেশ অহলাওয়াতও দাবি করেন, তিনিও দল পরিবর্তনের প্রস্তাব পেয়েছেন।

মুকেশ বলেন, ”একটি নম্বর থেকে ফোন এসেছিল। আমাকে বলা হয়েছিল যে বিজেপির সরকার গঠন করা হচ্ছে। যদি আমি আপ ছেড়ে বিজেপিতে যোগ দিই তাহলে তারা আমাকে মন্ত্রী করবে এবং ১৫ কোটি টাকা দেবে। কিন্তু কেজরিওয়াল এবং আপ আমাকে যে সম্মান দিয়েছে সে জন্য মৃত্যুর আগে পর্যন্ত আমি দল ত্যাগ করব না।” তাই ফলাফল বেরুনোর আগেই দুই শিবিরের দ্বৈরথ চরমে পৌঁছেছে।দিল্লির আমজনতা পদ্ম না ঝাড়ু কার হাতে রাজধানীর শাসনভার দেয় তা জানা যাবে শনিবারের ফলাফলে।

Related Articles