লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ, ইংল্যান্ড সিরিজ তারই প্রস্তুতি : অক্ষর
The target is the T20 World Cup, the England series is preparation for that: Akshar
Truth Of Bengal: আগামী ২২ জানুয়ারি ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমিত ওভারের ক্রিকেটে মেন-ইন-ব্লুজরা ছন্দে থাকলেও, টেস্ট ক্রিকেটে একেবারেই ফর্মে নেই টিম ইন্ডিয়া। তার প্রমাণও মিলেছে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ ও সদ্য শেষ হওয়া বর্ডার-গাভাসকর ট্রফিতে। সেই রেশ কাটতে না কাটতেই আবার সীমিত ওভারের সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলবে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচের আগে সোমবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন দলের সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল।
জাতীয় দলের অধিনায়ক এবং সহ অধিনায়কের দায়িত্ব যে গুরু দায়িত্ব তা মেনে নিয়ে অক্ষর জানান, ‘আমাদের দল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। সে ক্ষেত্রে যা দরকার তাই করতেও পিছপা হব না। আগামী বছর দেশের মাঠে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার কথা মাথায় রেখেই আমাদের এখন যত বেশি ম্যাচ জিততে পারব ততই ভাল হবে। এবং পাশাপাশি দলের প্রতিটি খেলোয়াড়কেই নিজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। পাশাপাশি এটাও খেলায় রাখা দরকার, আমরা গত টি-টোয়েন্টি বিশ্বকাপের খেতাব জয়ী দল। তাই এবারও আমাদের দিকে অনেকের প্রত্যাশা থাকবে। এবং তাঁকে পূরণ করার দায়িত্ব আমাদের।’
গত বিশ্বকাপের পর চোটের কারণে জাতীয় দল থেকে বেশ কয়েক মাস বাইরে ছিলেন পেসার মহম্মদ শামি। এরপর চোট কাটিয়ে উঠে শামি ঘরোয়া টুর্নামেন্টগুলিতে খেলে ফের ফিট হয়ে উঠেই এবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম মাঠে নামবেন। শামিকে ঘিরে টিম ইন্ডিয়ার প্রত্যাশা কি রকম জানতে চাইলে অক্ষর জানান, ‘শামি একজন অভিজ্ঞ বোলার। গত বিশ্বকাপেও জাতীয় দলের হয়ে ওঁর পারফরম্যান্স কি রকম ছিল তা সকলেই জানেন। আর নতুন করে বলার কিছু নেই। আমরা সকলেই আশাবাদী শামিকে বিশ্বকাপে বল হাতে যে রকম ভয়ঙ্কর হয়ে উঠতে দেখেছিলাম, এবারও তার ব্যতিক্রম হবে না।’
সম্প্রতি ভারতীয় দলের হেড কোচ হিসাবে দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। কোচের পদে আসীন হওয়ার পর গত কয়েক দিন আগে গৌতি জানিয়েছিলেন, ভারতীয় দলে রূপান্তর হতে চলেছে। এবার কোচের কথায় সায় দিলেন অক্ষরও। এই প্রসঙ্গে তিনি জানান, ‘হ্যাঁ ভারতীয় দলে রূপান্তর আসতে চলেছে। তবে এটা অধিনায়ক ও নির্বাচক কমিটির দায়িত্ব। আমার পক্ষ থেকে বলতে পারি, আমাকে নির্বাচকরা যে দায়িত্ব দিয়েছেন তা পূরণ করার আপ্রাণ চেষ্টা করব।’
সবশেষে সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়ার অন্দর মহলে স্টাপোর্ট স্টাফ ও খেলোয়াড়দের মধ্যে ঝামেলা দেখা দিয়েছিল, সেই বিষয়ে অক্ষর একপ্রকার এড়িয়েই গিয়ে বলেন, ‘আমি অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে ছিলাম না। সুতরাং এই বিষয়ে কোনও কথা বলতে পারব না।’






