জামাকাপড়ও আপনাকে বানাতে পারে অসুস্থ, জানুন তার কারণগুলি
Clothes can also make you sick, know the reasons behind it
Truth Of Bengal: আজকাল কোনো কারণ ছাড়াই অসুস্থ হয়ে পড়ছেন। মুঠো মুঠো ওষুধ খেয়েও হচ্ছে না কোনো সমস্যার সমাধান। একটার পর একটা ছুটকো ছাটকা শারীরিক সমস্যা যেন লেগেই আছে। কখনো ভেবে দেখেছেন এর কারণ জামাকাপড় নয় তো? সঠিক জামাকাপড় যেমন আমাদের স্মার্ট বানায়। ব্যক্তিত্বকে সঠিক ভাবে তুলে ধরে তেমনই বেঠিক ডিজাইনের জামাকাপড় শরীরে ব্যথা বেদনার কারণ হয়ে ওঠে।
জামাকাপড়ের জন্য কীভাবে অসুস্থ হয়ে উঠতে পারেন-
১) স্কিনফিট জিনস, টাইট প্যান্ট তলপেটের ওপর চেপে বসে। একই সমস্যা হয় যদি টাইট বেল্ট বা আন্ডারগার্মেন্ট পরা হয়। এত টাইট পোশাক পরলে পাকস্থলীর মধ্যে থাকা চাপ বা ইন্ট্রাগ্যাস্ট্রিক প্রেসার পাকস্থলীর মধ্যে থাকা অ্যাসিডকে ঠেলে ওপরের দিকে তুলে দেয়। এতে অ্যাসিডিটি, বুক জ্বালা, বদহজমের সমস্যা হয়।
২) মধ্যপ্রদেশ অনেকের স্ফীত হয়। ভুঁড়ি আটকাতে অনেকে কম্প্রেশন আন্ডারগার্মেন্ট পরেন। তলপেট ও থাইয়ের ওপরের অংশে প্রচণ্ড টাইট পোশাকের কারণে থাইয়ের পেশি ও স্নায়ুতে টান লাগে। প্রচণ্ড যন্ত্রণা হয়। ডাক্তারি পরিভাষায় এটিকে বলে meralgia paresthetica। জ্বালা, যন্ত্রণা, স্পর্শ করলেই তীব্র শিরশিরানি অনুভূত হয়।
৩) টাইট ফিটিংস শার্ট, গলাবন্ধ টাই পরলে ঘাড়ে রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে বলে জানা গেছে stroke research and treatment শীর্ষক জার্নালে প্রকাশিত গবেষণা রিপোর্টে। গলাবন্ধ টাই দীর্ঘ সময় ধরে পরে থাকলে মস্তিষ্কে ধমনীর মাধ্যমে রক্ত কম প্রবাহিত হয়। স্ট্রোক হওয়ার আশঙ্কা বাড়ে।
৪) অনেক রকমের ফেব্রিকে ত্বকে চুলকানি, অ্যালার্জির সমস্যা হয়। বিশেষ করে যাঁদের স্পর্শকাতর ত্বক ও একজিমার সমস্যা আছে তাঁদের ক্ষেত্রে গুরুতর সমস্যা দেখা যায়।
৫) সিনথেটিক ফেব্রিকের জামাকাপড় পরলে ত্বকের চুলকানি হয়। মোজা, আন্ডারগার্মেন্ট ব্রা’র রবারে ত্বকে ঘষটানির জেরে ত্বকে র্যাশ দেখা যায়। সিনথেটিক ফেব্রিক তাপ ও আর্দ্রতা ধরে রাখে। এতে গরম বেশি করে অনুভূত হয়। অনেক সময় জামাকাপড়ের রঙের কারণে ত্বকে অ্যালার্জি, র্যাশ হয়।
৬) টাইট পোশাক পরলে মহিলাদের ত্বকের স্পর্শকাতর জায়গায় ত্বকে লালচে ভাব দেখা যায়, চুলকানির সমস্যা, সংক্রমণ দেখা যায়।
৭) টাইট জিন্স পরলে কোমরের চারপাশে রক্ত সঞ্চালন বিঘ্নিত হয়। দীর্ঘ সময় ধরে কোমরে কষে সায়া বা সালোয়ারের দড়ি বাঁধলে তার থেকে সংক্রমণ হতে পারে। এই সমস্যা থেকে ক্যানসার হতে পারে।


