কামিন্সের নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে ক্যাঙারুরা
Kangaroos will play in the Champions Trophy under the leadership of Cummins
Truth Of Bengal : ভারতে অনুষ্ঠিত ২০২৩-র একদিনের বিশ্বকাপ ট্রফি অস্ট্রেলিয়া জয় করেছিল তাঁর নেতৃত্বেই। তারপর অজি ভূমিতে সদ্য শেষ হওয়া বর্ডার-গাভাসকর ট্রফিতেও ভারতকে দুরমুশ করে সিরিজ জিতেছে ক্যাঙারুরা। যাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া এই সাফল্য পেয়েছে সেই প্যাট কামিন্সকেই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলের নেতৃত্বে বহাল রাখার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
সোমবার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সেই দলে দুই নবাগত সদস্য জায়গা পেয়েছেন। এঁরা হলেন ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার দল সম্বন্ধে বলতে গিয়ে অজি নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি জানান, ‘ভারতে অনুষ্ঠিত শেষ একদিনের বিশ্বকাপ এবং গত বছরের ইংল্যান্ড, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফল হওয়া খেলোয়াড়দের পাশাপাশি নবাগতদের নিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল তৈরি করা হয়েছে।’
প্রসঙ্গত, এবারের অস্ট্রেলিয়া দলটিতে পেস বোলারদের প্রাধান্য বেশি দেওয়া হয়েছে। তার প্রমাণ হচ্ছে, দলনেতা কামিন্সের পাশাপাশি দলে রয়েছেন হ্যাজালউড, মিচেল স্টার্ক এবং নাথাম লায়ন। এবং স্পিনার মাত্র একজন। তিনি হলেন অ্যাডাম জাম্পা।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া এই মুহূর্তে পুরুষদের একদিনের বিশ্বকাপ জয়ের পাশাপাশি, মহিলাদের একদিনের বিশ্বকাপ ও ছেলেদের অনুর্ধ-১৯ বিশ্বকাপ জয় করেছে। এখন দেখার আগামী মাসে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নের খেতাব জয় করতে পারে কি না।
১৫ সদস্যের ঘোষিত অস্ট্রেলিয়া দল- প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজালউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, লাবুশানে, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শার্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টেইনস এবং অ্যাডাম জাম্পা।






