ঘোষিত হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার তারিখ, শীঘ্রই শুরু আবেদন প্রক্রিয়া
West Bengal Joint Entrance Examination Date Announced, Application Process to Start Soon
Truth Of Bengal: শুক্রবার এক বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB) ঘোষণা করেছে যে ২০২৫ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ এপ্রিল, রবিবার। রাজ্যের বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই পরীক্ষার মাধ্যমে রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, কৃষিবিদ্যা, ফার্মাসি, এবং আর্কিটেকচারের মতো কোর্সে ভর্তির সুযোগ পান ছাত্রছাত্রীরা। পরীক্ষায় বসার জন্য আবেদন প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। WBJEEB-এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in অথবা www.wbjeeb.in-এ গিয়ে পরীক্ষার জন্য আবেদন করতে হবে।
আবেদন করার সময় সমস্ত শর্তাবলী এবং প্রয়োজনীয় নথি সঠিকভাবে যাচাই করে জমা দিতে হবে। বোর্ড জানিয়েছে, ফর্ম পূরণের নিয়মাবলী এবং পরীক্ষার অন্যান্য বিশদ শীঘ্রই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রতিবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। ২০২৩ সালে আবেদনকারীর সংখ্যা ছিল ১,২৮,৯১৯, যেখানে ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ১,৪২,৬৯২। গত বছরের তুলনায় এবারের আবেদনকারীর সংখ্যা ১৭,৭৭৩ বেশি।
ছাত্রছাত্রীদের মধ্যে ক্রমবর্ধমান আগ্রহ এবং প্রতিযোগিতা দেখে বোর্ড আশা করছে, ২০২৫ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও প্রচুর আবেদন জমা পড়বে।





