পার্থের জামিন নিয়ে দুই বিচারপতির ভিন্নমত, চূড়ান্ত সিদ্ধান্ত তৃতীয় বেঞ্চে
Two judges disagree on Partha's bail, case goes to third bench
Truth Of Bengal: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন নিয়ে দোটানায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হাইকোর্টে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তাকে জামিন দিলেও বিচারপতি অপূর্ব সিনহা রায় জামিনের আবেদন নাকচ করেন।
হাইকোর্টের নিয়োগ মামলায় জামিন সংক্রান্ত বিষয়ে দেখা গেল দুই বিচারপতির ভিন্নমত। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ পাঁচ জনের জামিন প্রসঙ্গে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সকলের জামিন মঞ্জুর করলেও, বিচারপতি অপূর্ব সিংহ রায় আলাদা মত প্রকাশ করেন। তিনি পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং শান্তিপ্রসাদ সিন্হার জামিনে আপত্তি জানান।
অন্যদিকে, টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কাজে যুক্ত থাকা এজেন্ট বা মিডলম্যান হিসাবে গ্রেফতার হওয়া চার জনের জামিন নিয়ে দুই বিচারপতি একমত হন। এই চার জন হলেন কৌশিক ঘোষ, শেখ আলি ইমাম, সুব্রত সামন্ত রায় এবং চন্দন ওরফে রঞ্জন মণ্ডল। তাঁদের জামিন মঞ্জুর করা হয়েছে।
বিচারপতি অপূর্ব সিংহ রায়ের আপত্তির কারণে পার্থ চট্টোপাধ্যায়-সহ পাঁচ জনের মামলাটি হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে পাঠানো হয়। প্রধান বিচারপতি এটি তৃতীয় বেঞ্চে স্থানান্তর করবেন, এবং সেখানেই পার্থদের জামিন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই মামলার বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।






