‘আমি ট্রেনে চড়তে ভয় পাই’, কেন এ কথা বললেন ফিরহাদ
"I'm afraid to ride the train," Firhad said, explaining why

Truth Of Bengal: শনিবার কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম বলেন, আমি ট্রেনে চড়তে ভয় পাই। রাজনৈতিক নেতৃত্বদের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে মাঝেমধ্যেই ট্রেনে চাপতে হয়। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জেলা সফরে যখন যান অনেক ক্ষেত্রেই ট্রেনে চেপে যান। শনিবার হঠাৎ তিনি বললেন ট্রেনে চাপতে তার ভয় হয়।
এদিন ভোরে শালিমার- সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই এক্সপ্রেসের যাত্রীরা। নির্দিষ্ট লাইনে যাওয়ার পথে অন্য লাইনে ঢুকে যায় ট্রেনের ইঞ্জিন সহ কয়েকটি বগি। ওই ট্রেনের চালকের তৎপরতায় ট্রেন থামানো সম্ভব হয়। তাই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রীরা। এর আগেও বেশ বহুবার বড় বড় দুর্ঘটনার সাক্ষী থেকেছেন যাত্রীরা। অনেকের মৃত্যুর ঘটনাও ঘটে।
করমন্ডল এক্সপ্রেস বা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি ভোলেননি বহু মানুষ। ট্রেনযাত্রা এখন সাধারণ মানুষের কাছে আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কলকাতার মহানাগরিক বলেন তার ট্রেনে চড়তে ভয় হয়। কেন্দ্রীয় সরকারের রেল দফতরের ব্যর্থতা নিয়ে এদিন সোচ্চার হন তিনি। যেখানে কেন্দ্রীয় সরকার রেলের আধুনিকীকরণের জন্য নতুন নতুন প্রকল্পের কথা ঘোষণা করছে তখন কেন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে না সেই প্রশ্ন তোলেন তিনি। কেন রেল যাত্রীদের আতঙ্ককে সঙ্গী করে ট্রেনযাত্রা করতে হবে? এদিন ফিরহাদ হাকিম বলেন, রেলের পরিকাঠামোগত উন্নয়নের দিকে নজর নেই সংশ্লিষ্ট দফতরের। শুধুমাত্র চমক ও প্রতিশ্রুতি দেওয়া হয়। নির্দিষ্টভাবে কোন পরিকল্পনা নেই ভারতীয় রেলের অভিযোগ করেন তিনি। পরিকল্পনার অভাবে ভারতীয় রেলের এই কঙ্কালসার চেহারা বলে তাঁর অভিযোগ।






