Truth Of Bengal: ওসমান হাদির মৃত্যুর পর থেকেই ওপার বাংলায় উত্তাপ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া অশান্তি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এমন পরিস্থিতিতে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার (আইভ্যাক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার আইভ্যাক-এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রামের ভারতীয় ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পূর্বে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আবেদনকারীদের জন্য নতুন তারিখ পরে জানানো হবে।”
এর আগে নিরাপত্তার কারণে ১৭ ডিসেম্বর দুপুর ২টার পর থেকে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। যদিও পরের দিন সকাল থেকে কেন্দ্রের কার্যক্রম স্বাভাবিক হয়েছিল। কিন্তু হাদির মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর থেকে পুরো দেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাতেই বাংলাদেশে ভারতীয় উপদূতাবাস ঘেরাও করার কর্মসূচি নেওয়া হয়। চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনাও ঘটে।
এই প্রেক্ষাপটে নিরাপত্তা আরও জোরদার করেছে ইউনূস সরকার। উপদূতাবাস ও সংশ্লিষ্ট ভিসা কেন্দ্রের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনও নতুন অশান্তি সৃষ্টি না হতে পারে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।






