Truth of Bengal: ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসার বার্তা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তাঁর এই বার্তার পর থেকেই ফের অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে পদ্মাপাড়ে। মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার একাধিক জায়গায় পরপর ৪টি বাসে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। পাশাপাশি শহরের ৬টি স্থানে ককটেল বিস্ফোরণের খবরও সামনে এসেছে। যদিও ঢাকার এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। অন্যদিকে, শেখ হাসিনার নিজের জেলা গোপালগঞ্জে পরিস্থিতি রীতিমতো হাতের বাইরে চলে গিয়েছে। সেখানে সাংসদ এসএম জিলানির বাড়িতে আগুন লাগানোর পাশাপাশি টুঙ্গিপাড়া থানা ও পুলিশ ব্যারাকে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৯টা নাগাদ ঢাকায় প্রথম অগ্নিকাণ্ডের খবর আসে। পল্লবীর সিরামিক রোডে রাস্তার পাশে পার্ক করে রাখা ‘মিরপুর লিংক’ নামের একটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। এরপর একে একে মহাখালী, বাড্ডা এবং রামপুরা এলাকায় আরও তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা ঘিরে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে সবচেয়ে ভয়াবহ রূপ নেয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। পুলিশ সূত্রে খবর, গত ১০ ও ১৫ নভেম্বর গোপালগঞ্জে সংঘটিত হিংসার ঘটনায় অভিযুক্ত আওয়ামি লিগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মীকে মঙ্গলবার গ্রেফতার করা হয়। তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার সন্ধ্যা থেকেই টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন আওয়ামি লিগের কর্মী-সমর্থকরা। পুলিশ আটক ব্যক্তিদের ছাড়তে অস্বীকার করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র খণ্ডযুদ্ধ শুরু হয়।
অভিযোগ, একপর্যায়ে বিক্ষোভকারীরা থানার ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং থানা ভবন ও পাশের পুলিশ ব্যারাকে আগুন ধরিয়ে দেয়। এমনকি পুলিশ হেফাজতে থাকা আটক নেতা-কর্মীদেরও ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করলেও, পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় পিছু হটতে বাধ্য হয় বাহিনী। এর পরপরই গোপালগঞ্জ-৩ আসনের সাংসদ এসএম জিলানির বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা এলাকায় বিশাল সংখ্যক নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং জায়গায় জায়গায় ব্যারিকেড বসানো হয়েছে। উল্লেখ্য, একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক স্তরে আলোচনা চলছে এবং দিল্লির বাংলাদেশ দূতাবাসে পাসপোর্টের আবেদনও জানিয়েছেন হাসিনা। এই টানটান রাজনৈতিক ও কূটনৈতিক আবহের মাঝেই ফের অশান্ত হয়ে উঠল বাংলাদেশ।






