
The Truth of Bengal: আবার ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জারি করা হয়েছে কমলা সর্তকতা। অতি বৃষ্টির জেরে পার্বত্য এলাকায় ধস নামতে পারে। বাড়তে পারে নদীর জলস্তর। তবে দক্ষিণবঙ্গে এমন দুর্যোগের সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। শনিবার থেকে বৃষ্টি সামান্য বাড়তে পারে দক্ষিণবঙ্গে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি শুরু হওয়ায় চাষিদের সুবিধা হচ্ছে। মাঠে এবার জল দাঁড়াচ্ছে। অন্যদিকে, টানা দু’দিনের বৃষ্টিতে আবারও জল বাড়ছে মালদার মহানন্দা নদীতে। এর ফলে ইংরেজবাজার পুরসভার নদীর অসংরক্ষিত এলাকায় অবস্থিত বেশ কিছু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়ি জলের তলায় চলে গিয়েছে। মৌসুমী অক্ষরেখা অমৃতসর নাজিবাবাদ থেকে জলপাইগুড়ির ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত আছে।
উত্তর-পূর্ব উত্তরপ্রদেশ ও উত্তর-পশ্চিম বিহার সংলগ্ন এলাকায় আছে ঘূর্ণাবর্ত। এই জোড়া ফলায় উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। এদিকে, শনিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। জেলায় জেলায় মূলত মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এখন বর্ষার বৃষ্টি তেমন না হওয়ায় দক্ষিণবঙ্গে চাষে সমস্যা হচ্ছে চাষিদের। এখন তেমন জল জমেনি চাষের জমিতে। ফলে ধান চাষে মার খাচ্ছেন চাষিরা।






