কলকাতারাজ্যের খবর

Weather Update: জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে।

Truth of Bengal: বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া দুটি পৃথক ঘূর্ণাবর্ত ফের রাজ্যজুড়ে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি একটি ঘূর্ণাবর্তের পাশাপাশি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত আরও একটি ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গ (Weather Update) এবং উত্তরবঙ্গ—দুই অংশেই ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। কলকাতা ছাড়াও এই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়।

তবে বৃষ্টিপাত সত্ত্বেও স্বস্তি মিলছে না। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৫ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু মূল সমস্যার উৎস হল আর্দ্রতা। বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে গরমের অস্বস্তি বেড়েই চলেছে। শহর জুড়ে অতিরিক্ত ঘাম, ক্লান্তি ও হাঁসফাঁস ভাব গ্রাস করছে সাধারণ মানুষকে।

আরও পড়ুন: Today Horoscope: কোন রাশি কী ইঙ্গিত দিচ্ছে, কোথায় সাফল্য, কোথায় সতর্কতা জরুরি?

আবহাওয়া অফিস জানাচ্ছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ধাপে ধাপে বাড়বে। তবে সেটি হবে আপাতত বিক্ষিপ্তভাবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাগুলিতেও ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহের শেষ দিকে অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে বইবে দমকা হাওয়া। আবহাওয়াবিদদের মতে, এই দুই ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের পরিবেশ ক্রমশ অনুকূল হচ্ছে। ফলে দক্ষিণের বাসিন্দাদের ছাতা হাতে বেরোনোর প্রস্তুতি নেওয়া একান্ত প্রয়োজন (Weather Update)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

উত্তরবঙ্গের আবহাওয়াও এ সময় যথেষ্ট অস্থির। দার্জিলিং ও কালিম্পংয়ে রবিবার প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে সপ্তাহ জুড়েই ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাপমাত্রার দিক থেকে রাজ্যের কোথাও বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও, সপ্তাহের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে মনে করছে হাওয়া অফিস (Weather Update)। সব মিলিয়ে, আবহাওয়ার সাম্প্রতিক পরিবর্তন দক্ষিণবঙ্গে বর্ষার আগমন বার্তা নিয়ে আসছে, আর উত্তরবঙ্গ ইতিমধ্যেই প্রবল বৃষ্টির কবলে। রাজ্য জুড়ে আগামী কয়েক দিন সতর্ক থাকা ও আবহাওয়ার খবরে নজর রাখা অত্যন্ত জরুরি।

Related Articles