রাজ্যের খবর
নিউ জলপাইগুড়িতে প্রশাসনের অনুমতি না নিয়ে আকাশে ড্রোন ওড়ানোয় আটক ৫
5 arrested for flying drone in New Jalpaiguri without permission from administration
Truth Of Bengal: মঙ্গলবার সকাল থেকেই শহর শিলিগুড়ি সংলগ্ন নিউ জলপাইগুড়ি এলাকায় আকাশে উড়ছে বড় বড় দুটি উন্নতমানের ড্রোন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল নিউ জলপাইগুড়ি এলাকায়। জানা গিয়েছে, এদিন এলাকায় আকাশে ড্রোন ওড়ার চিত্র ধরা পড়ে রেলের নিরাপত্তা কর্মীদের ক্যামেরায়। এরপরেই শোরগোল পড়ে যায়। এবং রেল কর্তৃপক্ষ তড়িঘড়ি নিউ জলপাইগুড়ি থানার পুলিশের দ্বারস্থ হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছোটে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর পুলিশ গোটা ঘটনা তদন্তে নেমে ফুলবাড়িটি পার্কের সামনে থেকে ড্রোন ওড়ানোর অপরাধে পাঁচজনকে আটক করে নিয়ে যায়। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে খবর, কেন ড্রোনগুলি ওড়ানো হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।






