লক্ষ্মীর পাঁচালীর সুরে সরকারি প্রকল্পের প্রচার, শান্তিপুরে ‘উন্নয়নের পাঁচালী’ পাঠে শামিল শতাধিক মহিলা
মূলত শ্রমজীবী মহিলাদের রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ সম্পর্কে অবগত করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
Bangla Jago Desk: চিরাচরিত লক্ষ্মীর পাঁচালীর মতোই এবার রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েত এলাকায় ‘উন্নয়নের পাঁচালী’ পাঠের এক অভিনব চিত্র ধরা পড়ল। মূলত শ্রমজীবী মহিলাদের রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ সম্পর্কে অবগত করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
শান্তিপুরের মেথির ডাঙ্গা জামতলা সরদার পাড়ায় আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক শ্রমজীবী মহিলা অংশগ্রহণ করেন। শান্তিপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পিয়ালী বসাকের নেতৃত্বে মহিলারা সারিবদ্ধভাবে বসে লক্ষ্মীর পাঁচালীর সুরে রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ থেকে শুরু করে একাধিক প্রকল্পের সাফল্যগাথা পাঠ করেন।
সভানেত্রী পিয়ালী বসাক জানান, গত ১৫ বছরে রাজ্যে যে উন্নয়নের জোয়ার এসেছে, সেই বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। তিনি বলেন, “রাজ্য সরকারের এই উন্নয়নমূলক মন্ত্র মানুষের মনে গেঁথে দিতেই এই আয়োজন। মহিলাদের মধ্যে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা যাচ্ছে।”
উল্লেখ্য, ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি প্রান্তে এই ‘উন্নয়নের পাঁচালী’ কর্মসূচি পালন করছে শাসক দল। শান্তিপুরের এই অনুষ্ঠানে মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী নির্বাচনের আগে তৃণমূলের জনসংযোগ কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই দেখা হচ্ছে।






