কলকাতা

রঞ্জিত মল্লিকের ‘দুয়ারে’ অভিষেক, বর্ষীয়ান অভিনেতার হাতে তুলে দিলেন ‘উন্নয়নের পাঁচালি’

তিনি জানান, এই সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নমূলক কাজ সম্পর্কে তথ্য তুলে ধরা।

Truth Of Bengal: রাজ্য সরকারের গত ১৫ বছরের উন্নয়নমূলক কাজের বিবরণ তুলে ধরতে রাজ্যের বিশিষ্টজন ও প্রভাবশালী ব্যক্তিদের হাতে বিশেষ তথ্যপ্যাকেট তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিশিষ্ট অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

রঞ্জিত মল্লিকের বাড়িতে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা চলচ্চিত্রে রঞ্জিত মল্লিকের অবদান উল্লেখযোগ্য। তিনি জানান, এই সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নমূলক কাজ সম্পর্কে তথ্য তুলে ধরা। সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা এবং সংস্কৃতি ক্ষেত্রে সরকারের উদ্যোগের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি রঞ্জিত মল্লিক। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি জানান, তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘উন্নয়নের পাঁচালি’ শীর্ষক নথিতে গত ১৫ বছরে বিভিন্ন ক্ষেত্রে গৃহীত প্রকল্প ও উন্নয়নমূলক কাজের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। কলকাতার প্রায় ২০০ জন বিশিষ্ট ব্যক্তির পাশাপাশি জেলাভিত্তিক আরও প্রায় ১,৬০০ জনকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের হাতে মুখ্যমন্ত্রীর চিঠি, সরকারের কাজের বিবরণ-সহ বিশেষ কিট তুলে দেওয়া হচ্ছে। এই দায়িত্ব রাজ্যের মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের উপর ন্যস্ত করা হয়েছে।

Related Articles