ভুবনেশ্বরে বাঙালি গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্বামীর পরিচিত-সহ দুই যুবক
স্থানীয় বাঙালি পরিবারগুলোর মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে
Truth Of Bengal: ভুবনেশ্বরে বাঙালি গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল ওড়িশা পুলিশ। গত ২৭ মার্চ তামান্ডো থানা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা মহিলা এবং তাঁর স্বামী পেশায় রাজমিস্ত্রি। পারিবারিক বিবাদের জেরে গত বুধবার ওই মহিলা ঘর ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় তিনি তাঁর স্বামীর পূর্ব পরিচিত বিচিত্র সাহু নামে এক যুবকের কাছে সাহায্য চান এবং তাঁকে স্টেশনে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।
অভিযোগ, বিচিত্র সাহু তাঁকে স্টেশনে না নিয়ে গিয়ে এইমস হাসপাতালের অদূরে নরসিংহপুর এলাকায় নিজের এক পরিচিতের বাড়িতে নিয়ে যায়। সেখানে বিচিত্র এবং তার সহযোগী নারায়ণ সোয়াইন মিলে ওই মহিলাকে রাতভর আটকে রেখে গণধর্ষণ করে বলে অভিযোগ। লোকলজ্জা এবং প্রাণনাশের হুমকির ভয়ে শুরুতে ওই মহিলা চুপ থাকলেও, সোমবার সাহস সঞ্চয় করে তিনি স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরেই সক্রিয় হয় ওড়িশা পুলিশ। অভিযুক্ত বিচিত্র সাহু ও নারায়ণ সোয়াইনকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয়। ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাঁদের জামিনের আবেদন নাকচ করে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। নির্যাতিতা মহিলার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। চেনা পরিচিতর আড়ালে এমন নৃশংস অপরাধের ঘটনায় স্থানীয় বাঙালি পরিবারগুলোর মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।





