SIR নিয়ে মানুষের নানা প্রশ্নের মুখে কাউন্সিলর, চিন্তায় অসুস্থ সাকির আলি
এই আবহাওয়ায় এর চিন্তায় অসুস্থ হয়ে পড়লেন রিষড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সাকির আলি।
Truth Of Bengal: বাংলায় এসআইআর ঘোষনা হওয়ার পর থেকেই উঠে এসেছে একের পর এক আত্মঘাতী হওয়ার খবর, যা ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে। এই আবহাওয়ায় এর চিন্তায় অসুস্থ হয়ে পড়লেন রিষড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সাকির আলি। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
অসুস্থ তৃণমূল কাউন্সিলরের পরিবারের দাবি, “বেশ কয়েকটি বসতি রয়েছে এলাকায়। এসআইআর হবে ঘোষণা হওয়ার পর থেকেই ওনার কাছে সকলের একটাই প্রশ্ন, তাঁদের নাম আদৌ আছে কিনা বা কাগজ ঠিক আছে কিনা। সকলকে বোঝাতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।” জানা গিয়েছে, এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন হাসপাতালে। তবে বিজেপির মতে গোটা বিষয়টি একটি নাটক। গেরুয়া শিবিরের রাজ্য কমিটির সদস্য স্বপন পালের বক্তব্য, “নাটক ছাড়া আর কিছু না এসব। এসআইআর হচ্ছে দেশের ১২টা রাজ্যে। সেখানে অসুস্থ হয়ে পড়ছেন না কেউ। কিন্তু এখানে অসুস্থ হচ্ছেন তৃণমূল নেতা। পুরোটাই সাজানো।”
প্রসঙ্গত, এসআইআর ইস্যুতে প্রথম থেকেই সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা। তবে রাজ্যে তা ঘোষণা হওয়ার পর থেকেই রীতিমতো তোলপাড় চলছে বিষয়টি নিয়ে। দলের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে একটা বৈধ ভোটারের নাম বাদ গেলেও আন্দোলন হবে দিল্লিতে। যদিও শাসক শিবিরের ওঠানো সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তবে পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে ওঠে একাধিক নাগরিকের এসআইআরের আতঙ্কে আত্মহত্যা করার পর।






