“মেয়ে ন্যায় পেলে নেব”, দিল্লির মুখ্যমন্ত্রীকে নারীশক্তি অ্যাওয়ার্ড ফিরিয়ে দেন অভয়ার মা
গত বছর ৯ই আগস্ট অভয়ার নৃশংস মৃত্যু জনসম্মুখে আসতেই চিত্র পাল্টে গেছিল গোটা বাংলার।
Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: আর ২৪ ঘন্টা সময়ও বাকি নেই। তারপরই অভয়ার মা-বাবার সঙ্গে বিরোধী দল ও সাধারণ মানুষের একাংশ নামবেন নবান্ন অভিযানে। এখন থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার মাঝে দিল্লি থেকে কলকাতা ফিরে তিলোত্তমার মা (Tilottama’s Mother) দিল্লির মুখ্যমন্ত্রীকে নারীশক্তি অ্যাওয়ার্ড ফিরিয়ে দেওয়ার কথা জানালেন। তাঁর বক্তব্য, তিনি রাজধানীর মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন যে মেয়ে ন্যায় পেলে তবে তা নেবেন।
গত বছর ৯ই আগস্ট অভয়ার নৃশংস মৃত্যু জনসম্মুখে আসতেই চিত্র পাল্টে গেছিল গোটা বাংলার। সাধারণ মানুষের একাংশ জুনিয়র ডাক্তারদের সঙ্গে লাগাতার পথে নেমেছিলেন হত্যার প্রতিবাদ জানাতে। একাধিক কর্মসূচি নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল জামিন পান। শাস্তির মুখে পড়তে হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয় তাঁকে (Tilottama’s Mother)।
তবে অভয়ার পরিবার মনে করছেন যে প্রকৃত অপরাধীরা এখনো সাজা পায়নি। বিচারের দাবিতে এখনো তাঁরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। বুধবার তিলোত্তমার মা-বাবা দিল্লি যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে। বৃহস্পতিবার রাতে তাঁরা ফেরেন কলকাতাতে এবং জানান যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি। এরপর নির্যাতিতার মা তুলে ধরেন নারীশক্তি অ্যাওয়ার্ড পাওয়ার কথা (Tilottama’s Mother)।
তিনি বলেন, “দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত নারীশক্তি অ্যাওয়ার্ড দিয়েছিলেন। তবে আমি তা ফিরিয়ে দিই এবং জানাই যে আমার মেয়ে ন্যায় পেলে আমি তা নেব।” পাশাপাশি, সুপ্রিম কোর্টে তাঁদের আইনজীবী করুন আনন্দের সঙ্গে দেখা হওয়ার কথাও জানানো হয় পরিবারের তরফ থেকে। যদিও এই মুহূর্তে বাংলার একাংশের নজর রয়েছে ৯ই আগস্টের দিকে। একশ্রেণী মনে করছেন যে সেদিন কিছু বড় ঘোষণা হতে পারে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয় (Tilottama’s Mother)।






