রাজ্যের খবর

প্রবল গরমে নাজেহাল পড়ুয়ারা, টাকা জমিয়ে ক্লাসরুমে AC বসালেন শিক্ষকরাই

The students who were upset in the hot weather, the teachers saved money and installed AC in the classroom

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : ভ্যাপসা গরমে ক্লাসরুমে বেশিক্ষণ বসে থাকতে পারছে না পড়ুয়ারা। তাই কচিকাঁচাদের কথা মাথায় রেখে ক্লাসরুমেই এসির ব্যবস্থা করেছে নদিয়ার রাণাঘাটের একটি স্কুল। তেতেপুড়ে যাচ্ছে বঙ্গ। জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহ। এরই মধ্যে গরমের ছুটি ফুরিয়েছে। মাথায় গনগনে রোদ নিয়েই স্কুলে আসতে হচ্ছে পড়ুয়াদের। অনেক অভিভাবক আবার শিশুর স্বাস্থ্যের কথা ভেবে স্কুলে পাঠাতে চাইছেন না। এই পরিস্থিতিতে ছাত্রদের কথা ভেবে এক অভিনব উদ্যোগ নিলেন শিক্ষকরা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা নিজেদের অর্থ দিয়ে ক্লাস রুমের জন্য কিনলেন এসি। আর তা দেখে খুশি আর ধরে না পড়ুয়াদের মুখে।

স্কুল সূত্রে জানা গিয়েছে, দোহারপাড় প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে ছাত্র-ছাত্রী সংখ্যা ৫২ জন। তাদের মধ্যে ২৭ জন ছাত্রী ও ২৫ জন ছাত্র। শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে স্কুলে রয়েছে মোট ৫ জন। শ্রেণিকক্ষের সংখ্যা ২। স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর সরকারের জানালেন, আপাতত একটি ক্লাসরুমে এসির ব্যবস্থা করা হলেও আগামীতে অন্যটিতেও বসানো হবে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র। শুধু তাই নয়, পড়ুয়াদের জন্য স্কুলে স্মার্ট টিভি, ওয়াটার পিউরিফায়ারের ব্যবস্থা করার কথাও ভাবছেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। সব মিলিয়ে পড়ুয়াদের সরকারি স্কুলমুখী করার উদ্দেশ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

গত ২-৩ বছর ধরে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ শোনা গিয়েছে। শিক্ষাক্ষেত্র নিয়ে নানারকম অভিযোগ নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। এরই মধ্যে শিক্ষকদের এই ভাবনা নিঃসন্দেহে মন জয় করে নিয়েছে পড়ুয়া ও অভিভাবকদের।

Related Articles