কোচবিহারে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য প্রশাসনকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী, কিন্তু কেন জানেন!
The Prime Minister thanked Mamata Banerjee and the state administration from the meeting in Cooch Behar

The Truth of Bengal: কোচবিহারের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে রাজ্য প্রশাসনকেও ধন্যবাদ জানালেন দেশের প্রধানমন্ত্রী। সভা শুরুতেই রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী, তাঁর ভাষণ শুরু করেন। প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে আসা বিজেপির কর্মী সমর্থকরা একপ্রকার চমকে ওঠেন! বিজেপির নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ! রাজ্য প্রশাসনের প্রশংসা প্রধানমন্ত্রীর মুখে! তারপরেই এই ধন্যবাদ জানানোর কারণ ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদি বলেন, ২০১৯ সালের ভোটের প্রচারে এই মাঠেই সভা করতে এসেছিলেন তিনি। সেই সময় রাজ্য প্রশাসন মাঠ ছোট করে দিয়েছিল। প্রধানমন্ত্রীর ব্যাখ্যা যাতে বেশি মানুষ তার কথা শুনতে না পারেন সেজন্য এই মাঠ ছোট করে দেওয়া হয়েছিল। এবার অবশ্য তা করা হয়নি। এবার পুরো মাঠেই সভা হচ্ছে। আর সেজন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সেই সঙ্গে রাজ্য প্রশাসনকেও ধন্যবাদ জানান দেশের প্রধানমন্ত্রী।
উল্লেখ্য কোচবিহারের রাস মেলা ময়দানে বৃহস্পতিবার দলের প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে নির্বাচনী জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সভা থেকে দেশের বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও মোদমোদি ছিলেন সোচ্চার। সন্দেশখালি থেকে শুরু করে সাম্প্রতিক কালের নানান ইস্যু নিয়ে সরব ছিলেন মোদি তার ভাষণে। তবে সকলের নজর কাড়ে রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানানোয়। প্রথম দফায় আগামী ১৯ এপ্রিল কোচবিহারে নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি। গতবারের জেতা আসন ধরে রাখতে রাজ্য বিজেপির সামনে প্রচারের প্রধান মুখ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।






