আইপিএস নিয়োগে কড়াকড়ি কেন্দ্রের, আইজি হতে বাধ্যতামূলক দু’বছরের কেন্দ্রীয় অভিজ্ঞতা
অর্থাৎ, দীর্ঘদিন রাজ্য ক্যাডারে কর্মরত হলেও কেন্দ্রীয় প্রশাসনে কাজের অভিজ্ঞতা না থাকলে আইজি বা সমমর্যাদার পদে এমপ্যানেলমেন্ট মিলবে না।
Truth Of Bengal: আইপিএস আধিকারিকদের কেন্দ্রীয় নিয়োগ সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তন আনল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় সরকারের আইজি বা সমমর্যাদার পদে দায়িত্ব পেতে হলে এবার থেকে আইপিএস আধিকারিকদের জন্য অন্তত দু’বছরের কেন্দ্রীয় স্তরের কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হল।স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নতুন নিয়ম কার্যকর হবে ২০১১ ব্যাচ এবং তার পরবর্তী ব্যাচের আইপিএস আধিকারিকদের ক্ষেত্রে। অর্থাৎ, দীর্ঘদিন রাজ্য ক্যাডারে কর্মরত হলেও কেন্দ্রীয় প্রশাসনে কাজের অভিজ্ঞতা না থাকলে আইজি বা সমমর্যাদার পদে এমপ্যানেলমেন্ট মিলবে না।
আইপিএস নিয়োগে কড়াকড়ি কেন্দ্রের, আইজি হতে বাধ্যতামূলক দু’বছরের কেন্দ্রীয় অভিজ্ঞতা pic.twitter.com/iNzZafl83G
— TOB DIGITAL (@DigitalTob) January 31, 2026
এই সংক্রান্ত নির্দেশিকা ইতিমধ্যেই সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে রাজ্য ক্যাডারে কর্মরত সমস্ত আইপিএস আধিকারিকদের বিষয়টি জানিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তির কপি পাঠানো হয়েছে রাজ্যগুলির ডিজিপি, পার্সোনেল ও ট্রেনিং দফতর এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় দফতরগুলিতেও।
প্রশাসনিক সূত্রে খবর, কেন্দ্রীয় প্রশাসনের কাজের অভিজ্ঞতা না থাকা আধিকারিকরা উচ্চপদে বসার পর নীতিনির্ধারণ ও আন্তঃদফতর সমন্বয়ের ক্ষেত্রে সমস্যায় পড়ছিলেন। সেই কারণেই এই নিয়মে সংশোধন আনা হয়েছে। রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে অভিজ্ঞতার ভারসাম্য বজায় রাখাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য বলে মনে করছেন প্রশাসনিক মহল।ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের মুখ্য সচিবদের পাঠানো হয়েছে।


