মোদির ‘বাধ্য ছাত্র’ শুভেন্দু! জ্বালানি সাশ্রয়ে মুখ্যমন্ত্রীর কনভয়ে এবার বড় কাটছাঁট
মোদির বার্তা মেনে নিজের কনভয় ছোট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Truth of Bengal: দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি এবং পশ্চিম এশিয়ার অস্থিরতার জেরে বাড়তে থাকা জ্বালানি তেলের দাম নিয়ে চিন্তিত কেন্দ্র। এই পরিস্থিতিতে দেশবাসীকে জ্বালানি ব্যবহারে রাশ টানার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে এবার ময়দানে নামলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, তাঁর কনভয় থেকে অপ্রয়োজনীয় সমস্ত গাড়ি বাদ দেওয়া হচ্ছে।
নিরাপত্তায় কাটছাঁট নয়, সাশ্রয়ে জোর
জেড প্লাস (Z+) ক্যাটাগরির পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা, সব মিলিয়ে বর্তমানে ডবল লেয়ার সুরক্ষা পান শুভেন্দু অধিকারী। নিয়ম অনুযায়ী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা অনেক বেশি হওয়ার কথা। কিন্তু প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে নিজেদের কনভয়ের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে দিয়েছেন, সেই পথেই হাঁটলেন বাংলার মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, “আমি আমার নিরাপত্তারক্ষীদের স্পষ্ট বলেছি, প্রোটোকল মেনে যেটুকু প্রয়োজন সেটুকুই রাখা হোক। অপ্রয়োজনীয় কোনও গাড়ি কনভয়ে ঘুরবে না।”
বাসে চেপে শপথ নিতে এলেন বিধায়করা
শুধু মুখ্যমন্ত্রী নন, প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে এদিন গণপরিবহন ব্যবহার করে চমক দিলেন বিজেপির অন্য বিধায়করাও। বুধবার বিধায়ক হিসেবে শপথ নিতে ব্যক্তিগত গাড়ি ছেড়ে বাসে চেপে বিধানসভায় পৌঁছান শাসক দলের একঝাঁক বিধায়ক। তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশপ্রেমীরাও।
বিধায়ক হিসেবে ইনিংস শুরু
এদিন ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। প্রোটেম স্পিকার তাপস রায়ের কাছে শপথ নেওয়ার পর তিনি তাঁর মন্ত্রীদেরও নির্দেশ দেন অপচয় বন্ধ করার জন্য। নবান্ন সূত্রের খবর, রাজ্যজুড়ে সরকারি কাজের ক্ষেত্রেও জ্বালানি ও বিদ্যুত সাশ্রয়ের জন্য বিশেষ গাইডলাইন তৈরি করতে পারে শুভেন্দু সরকার।
বিগত সরকারের আমল থেকে চলে আসা ‘ভিভিআইপি কালচার’ ভেঙে সাধারণ মানুষের স্বার্থে এবং দেশের স্বার্থে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ এখন রাজ্য রাজনীতির হট টপিক।






