১২ বছরেও উড়ান নেই বালুরঘাটে, ২৬-এর ভোটের আবহে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন সুকান্ত
সুকান্ত মজুমদারের অভিযোগ, রাজ্য সরকারের হাতে থাকা বালুরঘাট বিমানবন্দর গত ১২ বছর ধরেই কার্যত পড়ে রয়েছে।
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: বালুরঘাট বিমানবন্দর থেকে অবিলম্বে বিমান পরিষেবা চালুর দাবিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর সঙ্গে দেখা করলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। গতকাল তিনি কেন্দ্রীয় সিভিল এভিয়েশন মন্ত্রী রামমোহন নাইডু-র হাতে লিখিত দাবি সনদ তুলে দেন। সুকান্ত মজুমদারের অভিযোগ, রাজ্য সরকারের হাতে থাকা বালুরঘাট বিমানবন্দর গত ১২ বছর ধরেই কার্যত পড়ে রয়েছে।
উল্লেখ্য, বারো বছর আগে রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এক টাকার বিনিময়ে এই বিমানবন্দরটি রাজ্য সরকারের হাতে তুলে দেয়। এরপর পরিকাঠামোগত উন্নয়ন হলেও এখনও পর্যন্ত কোনও উড়ান পরিষেবা শুরু হয়নি। জানা গিয়েছে, এই বিমানবন্দর নিয়ে রাজ্য সরকারের হাতে ৩০ বছরের লিজ রয়েছে। তার মধ্যে ১২ বছর কেটে গেলেও বিমান ওঠানামা শুরু না হওয়ায় প্রশ্ন উঠছে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে।
বিজেপির দাবি, এতদিনে পরিষেবা চালু না হওয়া রাজ্য সরকারের ব্যর্থতারই প্রমাণ। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানান, তিনি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর কাছে অনুরোধ করেছেন, রাজ্য সরকারের সঙ্গে কথা বলে স্পষ্টভাবে জানতে চাওয়া হোক—এই বিমানবন্দর নিয়ে তাদের পরিকল্পনা কী। তাঁর বক্তব্য, রাজ্য সরকার যদি উড়ান পরিষেবা চালু করতে অক্ষম হয়, তাহলে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া যেন জমি ফেরত নিয়ে নিজেরাই বিমানবন্দরটি চালুর উদ্যোগ নেয়। এই দাবি ঘিরে ফের একবার বালুরঘাট বিমানবন্দর চালু হওয়া নিয়ে রাজনৈতিক তরজা তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।






