Special Trains: ৫টি গুরুত্বপূর্ণ শাখায় বিশেষ ট্রেন, জেনে নিন রুট ও সময়সূচি
রাজ্য সরকারের অনুরোধের ভিত্তিতে শিয়ালদহ ডিভিশনের পাঁচটি গুরুত্বপূর্ণ শাখায় সোমবার রাতে বিশেষ পরিষেবা দেওয়া হবে।
Truth of Bengal: কালীপুজো ও দীপাবলির ভিড় সামাল দিতে এবং রাতে যাত্রীদের যাতায়াত সুগম করতে বিশেষ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। রাজ্য সরকারের অনুরোধের ভিত্তিতে শিয়ালদহ ডিভিশনের পাঁচটি গুরুত্বপূর্ণ শাখায় সোমবার রাতে বিশেষ পরিষেবা দেওয়া হবে। এই অতিরিক্ত ট্রেনগুলি প্রতিটি স্টেশনেই থামবে (Special Trains)।
পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-বারাসত, বনগাঁ-বারাসত, শিয়ালদহ-রানাঘাট এবং শিয়ালদহ-বারুইপুর শাখায় এই বিশেষ ট্রেনগুলি চলাচল করবে।
১. শিয়ালদহ-ডানকুনি: শিয়ালদহ থেকে বিশেষ ট্রেনটি ছাড়বে রাত ১১টা ৩০ মিনিটে, ডানকুনি পৌঁছবে রাত ১২টা ১৫ মিনিটে। ফিরতি পথে ডানকুনি থেকে রাত ১২টা ২৫ মিনিটে ছেড়ে শিয়ালদহে পৌঁছনোর কথা রাত ১টা ৫ মিনিটে।
২. শিয়ালদহ-বারাসত: এই শাখায় শিয়ালদহ থেকে ট্রেন ছাড়বে রাত ১২টা ১০ মিনিটে, বারাসত পৌঁছবে রাত ১২টা ৫৫ মিনিটে। বারাসত থেকে ট্রেনটি রাত ১টা ১০ মিনিটে ছাড়লে শিয়ালদহে পৌঁছবে রাত ১টা ৫৫ মিনিটে।
৩. বনগাঁ-বারাসত: বনগাঁ থেকে বিশেষ ট্রেনটি ছাড়বে রাত ১২টা ৩০ মিনিটে, বারাসতে পৌঁছবে রাত ১টা ৩০ মিনিটে। বারাসত থেকে ট্রেনটি রাত ২টোয় ছাড়বে এবং বনগাঁ পৌঁছবে রাত ৩টা ৮ মিনিটে।
৪. শিয়ালদহ-রানাঘাট: শিয়ালদহ থেকে ট্রেন ছাড়বে রাত ১২টা ৪০ মিনিটে, রানাঘাটে পৌঁছবে রাত ২টা ৩০ মিনিটে। রানাঘাট থেকে ট্রেনটি যদিও আগেই, রাত ১১টা ৪৫ মিনিটে ছাড়বে এবং শিয়ালদহে পৌঁছবে রাত ১টা ৪০ মিনিটে।
৫. শিয়ালদহ-বারুইপুর: শিয়ালদহ থেকে ট্রেনটি ছাড়বে রাত ১২টা ৩০ মিনিটে, বারুইপুর পৌঁছবে রাত ১টা ১৫ মিনিটে। ফিরতি পথে বারুইপুর থেকে রাত ১টা ২৫ মিনিটে ট্রেনটি ছেড়ে শিয়ালদহে পৌঁছবে রাত ২টো ১০ মিনিটে (Special Trains)।
অতিরিক্ত ট্রেন চালানোর পাশাপাশি পূর্ব রেল আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের বিশেষ আর্জি মেনে নৈহাটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কোনও ট্রেন দাঁড়াবে না। এই সময়ের মধ্যে নৈহাটিগামী ট্রেনগুলি পরিবর্তে ৫ অথবা ৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে। এছাড়াও, ভিড় সামাল দিতে এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে কালীপুজোর দিন মোট ৬টি এসি লোকালও চালানো হবে (Special Trains)।






