কলকাতারাজ্যের খবর

উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা, দক্ষিণবঙ্গে কি বৃষ্টির দেখা মিলবে?

উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

Truth of Bengal: নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে ঢোকা প্রচুর জলীয় বাষ্পের প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝড় এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে। মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি চলতে পারে। এর মধ্যে শুক্রবার ও শনিবার উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং থেকে মালদহ—উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম ও অস্বস্তি এখনই কমছে না। আজ, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা ও আর্দ্রতার কারণে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে গরমের দাপট বেশি থাকবে। এই জেলাগুলির কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে।

তবে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও বিস্তৃতি কিছুটা বাড়তে পারে। শুক্রবার ও শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকবে। পার্শ্ববর্তী হুগলি এবং উত্তর ২৪ পরগনাতেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে।

Related Articles