রাজ্যের নতুন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, কোন পদে মনোজ পন্থ?
৩১ ডিসেম্বর ড. পন্থের অবসরের পরেই এই নতুন দায়িত্বভার গ্রহণ করছেন ১৯৯৪ ব্যাচের এই আইএএস আধিকারিক।
Truth Of Bengal: বছরের শেষ দিনে বড়সড় রদবদল রাজ্য প্রশাসনে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব (Chief Secretary) হিসেবে নিযুক্ত হলেন আইএএস (IAS) নন্দিনী চক্রবর্তী। বর্তমান মুখ্যসচিব ড. মনোজ পন্থের স্থলাভিষিক্ত হলেন তিনি। ৩১ ডিসেম্বর ড. পন্থের অবসরের পরেই এই নতুন দায়িত্বভার গ্রহণ করছেন ১৯৯৪ ব্যাচের এই আইএএস আধিকারিক।
রাজ্যপালের প্রেস সচিব থাকাকালীন বিতর্কে জড়িয়েছিলেন নন্দিনী চক্রবর্তী। তাঁকে আগে স্বরাষ্ট্র সচিব পদে বসান মুখ্যমন্ত্রী। এবার সরাসরি তাঁকে মুখ্যসচিব পদের দায়ীত্ব দিলেন মুখ্যমন্ত্রী। নন্দিনীই রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব। তবে অবসরপ্রাপ্ত মুখ্যসচিব মনোজ পন্থকেও বড় পদে আনল সরকার। মুখ্যমন্ত্রীর প্রধান সচীব হয়ে থাকলেন তিনি।
মনোজ পন্থ মেয়াদ শেষ, রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী pic.twitter.com/KrhkkpyHdu
— TOB DIGITAL (@DigitalTob) December 31, 2025
বুধবার নবান্নের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতর থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যপালের নির্দেশক্রমে জারিকৃত এই আদেশে জানানো হয়েছে, নন্দিনী চক্রবর্তী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন। জনস্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
মুখ্যসচিব হিসেবে নিযুক্ত হওয়ার আগে নন্দিনী চক্রবর্তী স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পদে ছিলেন। এর পাশাপাশি তাঁর হাতে সংসদীয় বিষয়ক এবং পর্যটন দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্বও ছিল। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন নন্দিনী চক্রবর্তী নবান্নের অত্যন্ত গুরুত্বপূর্ণ আধিকারিক হিসেবে পরিচিত।
২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ড. মনোজ পন্থের চাকরির শেষ দিন। তাঁর অবসরের পর প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুততার সঙ্গে নতুন মুখ্যসচিবের নাম ঘোষণা করল রাজ্য সরকার।






