নাগরাকাটায় নিহতদের পরিবারকে নিয়োগপত্র, নষ্ট হওয়া নথি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি
এছাড়া এদিন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, দুর্যোগে যাঁদের যে নথি নষ্ট হয়েছে, রাজ্যের তরফ থেকে তার ডুপ্লিকেট করে দেওয়া হবে।
Truth Of Bengal: হাতেগোনা কয়েকদিনের ব্যবধানে ফের দুর্যোগ কবলিত উত্তরবঙ্গে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি যান নাগরাকাটায় এবং হোমগার্ড চাকরির নিয়োগপত্র তুলে দেন মৃতদের পরিবারের এক সদস্যকে। শুধু তাই নয়, ৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে নিহতদের পরিবার পিছু। এছাড়া এদিন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, দুর্যোগে যাঁদের যে নথি নষ্ট হয়েছে, রাজ্যের তরফ থেকে তার ডুপ্লিকেট করে দেওয়া হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যাদের বাড়ি ভেঙেছে দুর্যোগে, শীঘ্রই তা করে দেওয়া হবে। যাদের যা নথি নষ্ট হয়েছে, রাজ্য তার ডুপ্লিকেট করে দেবে। একটি ক্যাম্প চালু করা হয়েছে নথি তৈরি করার জন্য।” এদিন আবারও ভুটানকে একহাত নেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “ইন্দো-ভুটান রিভার কমিশন হোক আমি বলেছিলাম। এই পরিস্থিতি তৈরি হয়েছে ভুটানের জলে।” শুধু তাই নয়, তিনি ক্ষতিপুরনও চেয়ে বসেন। তাঁর মতে, ভুটান এর জন্য ক্ষতিপূরণ দিক।
প্রসঙ্গত, উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পরের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছিলেন। ক্ষতিগ্রস্তদের সঙ্গে ত্রাণ শিবিরে দেখা করার পাশাপাশি ঘুরে দেখেন একাধিক এলাকা, যা তছনছ হয় দুর্যোগের জেরে। তখনই তৃণমূল সুপ্রিমো কথা দিয়েছিলেন যে ফের তিনি উত্তরবঙ্গে আসবেন কয়েকদিনের মধ্যে। সেই অনুযায়ী রবিবার তিনি উত্তরবঙ্গ যান। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাবতীয় সবকিছু তিনি জানান। সেদিনই একাধিক এলাকা তিনি ঘুরে দেখেন হাসিমারায়। যদিও এই ব্যাপারে রাজনৈতিক তরজা এখনও তুঙ্গে। এখনও রাজ্য সরকারকে লাগাতার আক্রমণ করে চলেছে বিজেপি সহ অন্যান্য বিরোধীরা। তবে শাসকদলের তরফ থেকেও পাল্টা দেওয়া হয়েছে তাদের।






