মহম্মদবাজার হত্যাকাণ্ড: পরকীয়া সম্পর্কের জেরেই হত্যা! গ্রেফতার অভিযুক্ত সহ ২
Murder due to extramarital affair! Two arrested, including accused
Truth Of Bengal: পরকীয়া সম্পর্কের জেরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড মহম্মদবাজারে। স্থানীয় ম্যানেজার পাড়ায় একই পরিবারের তিনজনকে হত্যা করার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত-সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে আদিবাসী মহল্লায় লক্ষ্মী মাড্ডি (২৫), রুপালি মাড্ডি (১০) এবং অভিজিৎ মাড্ডি (৮)-এর দেহ উদ্ধার করা হয়। প্রত্যেকের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। তদন্তে উঠে এসেছে, মল্লারপুরের বাসিন্দা নয়ন বিত্তার এবং ডোমপাড়ার সুনীল মৃধা এই হত্যাকাণ্ডে যুক্ত।
জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, নয়নের সঙ্গে লক্ষ্মীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, যা নিয়ে তাদের মধ্যে বিবাদ শুরু হয়। বৃহস্পতিবার রাতে নয়ন, সুনীলকে সঙ্গে নিয়ে লক্ষ্মীর বাড়ির কাছে যায়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে নয়ন ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ধারালো অস্ত্র দিয়ে লক্ষ্মীকে হত্যা করে। এরপর লক্ষ্মীর দুই সন্তান রুপালি ও অভিজিৎকেও নির্মমভাবে হত্যা করা হয়।
পুলিশ এখনও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করতে পারেনি। বাড়িটি সিল করে ফরেনসিক বিভাগের সহায়তায় প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী সোমবার ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করবেন।
এই ঘটনার পর মহম্মদবাজার থানার ওসি অরূপ দত্তকে বদলি করা হয়েছে এবং নানুর থানার ওসি তপাই বিশ্বাসকে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা পুলিশের গঠিত ৮ সদস্যের বিশেষ তদন্তকারী দল মামলার গভীরে গিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং একইসঙ্গে আরও দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে।






