Monsoon Rain: বৃষ্টিস্নাত গোটা রাজ্য, কবে থামবে বর্ষার ঘনঘটা?
Monsoon rain continues to drench Kolkata and other districts across Bengal with daily showers.
Truth Of Bengal: দেরিতে এলেও এখন প্রতিদিন গোটা রাজ্যকে ভিজিয়ে দিচ্ছে বর্ষা (Monsoon Rain)। বিগত কয়েকদিন ধরে কলকাতা সহ জেলায় জেলায় একটানা বৃষ্টি হচ্ছে। কোথাও হালকা বা মাঝারি তো কোথাও ভারি বৃষ্টির দেখা মিলছে। শুক্রবারও আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজও রাজ্যের নানা জেলায় বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে।
[আরও পড়ুন: Horoscope Prediction: সিদ্ধিদাতার গনণায় শুভ পরিবর্তনের ইঙ্গিত, কেমন কাটবে শুক্র?]
কিন্তু কবে থামবে এই বৃষ্টি? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত এমনই বৃষ্টির রেশ জারি থাকবে বঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির এভাবেই চলবে। সেই সঙ্গে উত্তরবঙ্গও ভিজবে।
আগামী ২৫ জুন অবধি দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কোথাও কোথাও আবার বইতে পারে ৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া। উত্তরের সব জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Monsoon Rain)।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২২, ২৩ ও ২৪ জুন উত্তরের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ২৫ তারিখ আবার উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরের কোনও কোনও অংশে ভারী বৃষ্টি হতে পারে।
লাগাতার বৃষ্টির জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা মোটের ওপর একই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পূর্বাভাস দেওয়া হয়েছে (Monsoon Rain)।






