বৃষ্টির পালা শেষ! আগামী কয়েকদিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আগামী কয়েক দিনে রাজ্যের দুই প্রান্তে এই বৈপরীত্য আরও স্পষ্ট হয়ে উঠতে পারে বলে পূর্বাভাস
Truth of Bengal: দক্ষিণবঙ্গে কালবৈশাখীর ঝাঁঝ ধীরে ধীরে স্তিমিত হতে শুরু করেছে। টানা কয়েক দিনের মেঘলা আকাশ ও দফায় দফায় বৃষ্টির পর এখন আবহাওয়া অনেকটাই স্বাভাবিকের পথে। আকাশ পরিষ্কার হওয়ার ইঙ্গিত মিলছে, আর তার সঙ্গেই ফিরছে চেনা রোদ। তবে এই স্বস্তির ছবির ঠিক উল্টো দৃশ্য ধরা পড়ছে উত্তরবঙ্গে—সেখানে বরং দুর্যোগের সম্ভাবনাই ক্রমশ জোরদার হচ্ছে। আগামী কয়েক দিনে রাজ্যের দুই প্রান্তে এই বৈপরীত্য আরও স্পষ্ট হয়ে উঠতে পারে বলে পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুক্রবারের পর থেকে বৃষ্টির প্রভাব অনেকটাই কমে আসবে। রোদের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে। আবহাওয়াবিদদের মতে, কয়েক দিনের মধ্যে জেলাভেদে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একবার এই উষ্ণতা বাড়লে তা দ্রুত কমার সম্ভাবনা আপাতত নেই। ফলে গরমের সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। কলকাতাতেও একই ছবি—সোমবার থেকে আকাশ আরও পরিষ্কার হবে, বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২০ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। রোদের তীব্রতায় দিনের বেলা গরম কিছুটা বিরক্তিকর হয়ে উঠতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি একেবারেই ভিন্ন। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির দাপট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারেও ঝড়-বৃষ্টির পরিবেশ বজায় থাকবে। শুধু তাই নয়, আগামী শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। ওই সময় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।






