চোর তাড়াতে গরম জল আর ডান্ডা তৈরি রাখুন, দুর্গাপুরে তৃণমূলকে উৎখাত করতে বেলাগাম সৌমিত্র খাঁ
উত্তম মুখোপাধ্যায় বলেন যে, যারা তৃণমূলকে চোর বলছে তারা আসলে ডাকাতের দল
Truth Of Bengal: পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয় থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছেন যে, বাড়িতে চোর এলে যেমন ব্যবস্থা নেওয়া হয়, তেমনই তৃণমূল নেতাদের তাড়াতে যেন ‘গরম জল আর ডান্ডা’ তৈরি রাখা হয়। তাঁর এই বেলাগাম মন্তব্যকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
সৌমিত্র খাঁ বলেন, এলাকায় চোর এসেছে, তাই তাদের তাড়াতে লাঠি এবং গরম জল প্রস্তুত রাখা প্রয়োজন। ইভিএম মেশিনে আঙুল ব্যবহার করে তৃণমূলকে উৎখাত করার ডাক দিয়ে তিনি জানান, চোরেরা উত্ত্যক্ত করলে সরাসরি বিজেপিকে ফোন করতে হবে। রাজ্যে কর্মসংস্থানের অভাব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিঁধে সাংসদ দাবি করেন, এ রাজ্যের যোগ্য ছেলে-মেয়েরা কাজের খোঁজে ভিন রাজ্যে চলে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্গাপুরকে একটি বিশেষ শিল্প করিডর হিসেবে গড়ে তোলা হবে, যা বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের নতুন দিশা দেখাবে। পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোটারদের আবেদন করেন যাতে তারা তৃণমূলের মতো ‘চোর’ দলকে আগে বিদায় করেন।
দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থীকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করতে ছাড়েননি সৌমিত্র। তাঁর দাবি, কোনও ব্যবসায়ীকে ভোট দিলে শুধু তাঁর পরিবারই বড়লোক হবে, সাধারণ মানুষের পরিস্থিতির কোনও উন্নতি হবে না। সাধারণ মানুষকে তিনি এই ‘দুর্বিষহ’ পরিস্থিতি থেকে বেরোতে বিজেপিকে সমর্থনের আহ্বান জানান।
বিজেপি সাংসদের এই কড়া আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল শিবিরও। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় পাল্টা তোপ দেগে বলেন যে, যারা তৃণমূলকে চোর বলছে তারা আসলে ডাকাতের দল। অতীতে বিজেপি কীভাবে মানুষকে সমস্যায় ফেলেছে এবং দেশের টাকা লুট করে বিদেশে পালিয়েছে, তা সাধারণ মানুষ ভালো করেই জানে। তাঁর দাবি, বাংলার মানুষ আগামী দিনে বিজেপিকেই রাজ্য ও দেশ থেকে উৎখাত করে দেবে।






