উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা
বাগডোগরা বিমানবন্দরে নামার পর সরাসরি নৌকাঘাটে গিয়ে ঠাকুর পঞ্চানন বর্মার প্রয়াণ দিবসে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী।
Truth Of Bengal: তিন দিনের উত্তরবঙ্গ সফরে মঙ্গলবার বিকেলে শিলিগুড়ি পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরা বিমানবন্দরে নামার পর সরাসরি নৌকাঘাটে গিয়ে ঠাকুর পঞ্চানন বর্মার প্রয়াণ দিবসে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী। এরপর সোজা রওনা দেন উত্তরকন্যার উদ্দেশে।
শিলিগুড়িতে এদিন প্রশাসনিক বৈঠকে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর ও মালদা জেলার জেলাশাসকদের সঙ্গে মুখোমুখি আলোচনা করেন তিনি। বৈঠকে উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন ও রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়। বিশেষ করে বাংলার বাড়ি ও শ্রমশ্রী প্রকল্পের বাস্তবায়ন খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, মঙ্গলবারই জেলাশাসকদের সঙ্গে বৈঠক শেষ করে পরে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বের সঙ্গেও আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। আগামীকাল, বুধবার দুপুর ১২টা নাগাদ উত্তরকন্যা থেকে জলপাইগুড়িতে গিয়ে এবিপিসি মাঠে সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে আদিবাসী পরিবারগুলির হাতে জমির পাট্টা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে উত্তরবঙ্গের একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। অনুষ্ঠান শেষে ফের উত্তরকন্যায় ফিরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১১ সেপ্টেম্বর তাঁর কলকাতায় ফেরার কথা রয়েছে।






