Illegal Fireworks: ডায়মন্ড হারবারে পুলিশের হানা! ১০০০ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত
পুলিশ সূত্রে খবর, ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি মজুত করা হয়েছিল।
লোকেশ হালদার: আসন্ন উৎসবের মরসুমের আগে বড়সড় দুর্ঘটনা এড়াতে কড়া হাতে আসরে নামল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। পুলিশ সুপার বিশপ সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে-এর নির্দেশে মহেশতলা থানা ও বজবজ থানা যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেছে। মহেশতলা নুঙ্গি বাজি বাজার এবং বজবজ বাজি বাজারে এই তল্লাশি চালানো হয়।
আরও পড়ুনঃ “ললিপপ খাব না, চোখ উপড়ে…”, SIR ইস্যুতে TMC সাংসদ মিতালির হুঁশিয়ারি
পুলিশ সূত্রে খবর, ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি মজুত করা হয়েছিল। সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে পুলিশ সেই সমস্ত বাজি বাজেয়াপ্ত করে। এই অভিযানে প্রায় ১০০০ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। মহেশতলা থানা ও বজবজ থানার যৌথ উদ্যোগে এই নিষিদ্ধ বাজি মজুত ও বিক্রির অভিযোগে মোট ২৫টি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে। এর পাশাপাশি, নিষিদ্ধ বাজি সংক্রান্ত সাধারণ (জেনারেল) অভিযোগও দায়ের করা হয়েছে।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
পুলিশ সুপার বিশপ সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে জানিয়েছেন যে, শুধুমাত্র পরিবেশ বান্ধব বাজি ব্যবহার করার অনুমতি রয়েছে। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি তাঁরা আরও জানান, যে সমস্ত নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে, সেই সমস্ত বাজি পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে। উৎসবের মরসুমে জনবহুল এলাকায় অবৈধ বাজির মজুত রুখতে ডায়মন্ড হারবার জেলা পুলিশের এই তৎপরতা যথেষ্ট প্রশংসিত হয়েছে।






