১০০ দিনের কাজে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক, জেলাগুলিকে নির্দেশ
নির্দেশিকা অনুসারে, উপস্থিতি নেওয়ার জন্য ব্যবহৃত মোবাইল ফোন মডিউলে নিবন্ধিত ও আপলোড করা থাকতে হবে।
Truth of Bengal: রাজ্যে ফের শুরু হচ্ছে ১০০ দিনের কাজ । সেই সঙ্গে ভুয়ো জব কার্ড ও অনিয়ম রুখতে উপস্থিতি নথিভুক্তির ক্ষেত্রে বড় পরিবর্তন আনল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে এনএমএমএস অ্যাপের মাধ্যমে ‘ফেস অথেন্টিকেশন’ করে শ্রমিকদের উপস্থিতি নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে।
নির্দেশিকা অনুসারে, উপস্থিতি নেওয়ার জন্য ব্যবহৃত মোবাইল ফোন মডিউলে নিবন্ধিত ও আপলোড করা থাকতে হবে। কমিউনিটি প্রকল্পগুলিতে উপস্থিতি নথিভুক্ত করার দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট সুপারভাইজার। অন্যদিকে ইন্ডাস্ট্রিয়াল বেনিফিট প্রকল্পের ক্ষেত্রে এই দায়িত্ব পালন করবেন গ্রাম রোজগার সহায়ক।
কোনও কারণে জি আর এস-এ অনুপস্থিত থাকলে তাঁর দায়িত্বপ্রাপ্ত অন্য কর্মী উপস্থিতি গ্রহণ করতে পারবেন।নির্দেশিকায় আরও বলা হয়েছে, প্রতিটি ইলেকট্রনিক মাস্টার রোলের সঙ্গে নির্দিষ্ট সুপারভাইজার কে ট্যাগ করা বাধ্যতামূলক। একবার ট্যাগিং সম্পন্ন হলে অন্য কোনও ব্যক্তি সেই মাস্টার রোলে উপস্থিতি গ্রহণ করতে পারবেন না। কাজ শুরুর অন্তত ২৪ ঘণ্টা আগে এই ট্যাগিং প্রক্রিয়া শেষ করতে হবে।





