রাজ্যের খবর

অবশেষে প্রতীক পেল হুমায়ুনের দল, ‘বড়দা’ ওয়েইসিকে পাশে নিয়ে বড় লড়াইয়ের ডাক

Truth of Bengal: অবশেষে নির্বাচনী প্রতীক পেয়ে গেল হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টি। নির্বাচন কমিশন তাদের জন্য নির্ধারণ করেছে ‘হুইসল’ প্রতীক। বুধবার আনুষ্ঠানিকভাবে সেই প্রতীক প্রকাশ করেন হুমায়ুন কবীর নিজেই।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। হুমায়ুন তাঁকে “বড় দাদা” বলে সম্বোধন করেন। পাশাপাশি তিনি জানান, এবারের বিধানসভা নির্বাচনে তাঁর দল মিমের সঙ্গে জোট বেঁধে লড়াই করবে। দুই দলের যৌথ প্রচার সভাও ঘোষণা করা হয়েছে, যা শুরু হবে ১ এপ্রিল থেকে। প্রথম সভা হবে ভরতপুরে।

হুমায়ুন কবীর জানিয়েছেন, এবারের নির্বাচনে তাঁর দল মোট ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ইতিমধ্যেই ১৫৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। রাজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুরেও প্রার্থী দিয়েছে তাঁর দল। পাশাপাশি তিনি নিজে এবার ভরতপুর নয়, মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা কেন্দ্র থেকে লড়াই করবেন। জেলার ২২টি আসনের মধ্যে ১০টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

তবে বাকি আসনগুলি মিমের জন্য কতটা ছাড়া হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এই বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।

উল্লেখ্য, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর হুমায়ুন কবীর গঠন করেন আম জনতা উন্নয়ন পার্টি। বাংলায় বাবরি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর করে তিনি আগেই বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। এবার এআইএমআইএম-এর সঙ্গে জোট বেঁধে তিনি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নামছেন।

Related Articles