সেলিম–হুমায়ুন বৈঠক ঘিরে জল্পনা, নতুন সমীকরণ? উঠছে প্রশ্ন
প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই রুদ্ধদ্বার আলোচনা।
Truth Of Bengal: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার আবহ। বুধবার রাতে কলকাতার নিউ টাউনের একটি হোটেলে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই রুদ্ধদ্বার আলোচনা।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিএম ও আইএসএফ-এর সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করার আগ্রহ রয়েছে তাঁর। সেই সম্ভাবনাই তিনি মহম্মদ সেলিমের সঙ্গে আলোচনা করেছেন বলে জানান। আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকির দলের সঙ্গে জোট সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সিপিএমের উপরেই ছেড়ে দিতে চান হুমায়ুন।
আইএসএফ-এর সঙ্গে কথা বলার বিষয়টি ওঁদের উপরেই ছেড়ে দিতে চাইছে সেদিন এবং হুমায়ুন। সূত্রের খবর, বৈঠকে সিপিএমের সঙ্গে সম্ভাব্য আসন সমঝোতা নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে একে অপরের বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার মতো বিষয়গুলি নিয়ে প্রাথমিক ভাবনাচিন্তা চলছে বলে জানা যাচ্ছে।তবে জোট প্রসঙ্গে এখনই কোনও চূড়ান্ত অবস্থান নিতে রাজি নয় সিপিএম। মহম্মদ সেলিম বৈঠক শেষে জোট নিয়ে নিশ্চিত করে কিছু বলেননি।






